আন্তর্জাতিক স্কাই ম্যারাথন
বান্দরবানে অনুষ্ঠিত হতে যাওয়া এই অ্যাডভেঞ্চারধর্মী প্রতিযোগিতার যৌথ উদ্যোক্তা হচ্ছে এভারেস্ট একাডেমি এবং এ ফর অ্যাডভেঞ্চার।
৩ নভেম্বর এ উপলক্ষ্যে রাজধানীর ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে প্রথমবারের মতো ১৯ ডিসেম্বর বান্দরবানে আন্তর্জাতিক স্কাই ম্যারাথন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে দেশের আটটি বিভাগে বিভাগীয় স্কাই মিনি ম্যারাথন; ঢাকায় স্কুল পড়ুয়া ছেলেমেয়েদের এবং করপোরেট কর্মকর্তাদের জন্য আলাদা স্কাই মিনি ম্যারাথন; বরগুনার আমতলীতে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য আলাদা স্কাই মিনি ম্যারাথন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ব্রেস্ট ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশনের সায়েন্টিফিক ডিরেক্টর এবং তথ্যপ্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবাদাতা প্রতিষ্ঠান ‘আমাদের গ্রাম’য়ের দল নেতা ড. রিচার্ড আর. লাভ, শুভেচ্ছা দূত হিসেবে ছিলেন সেভেন সামিট সম্পন্নকারী নেপালের প্রথম মেয়ে সুস্মিতা মাস্কে, শিশু কিশোর মাসিক ম্যাগাজিন টইটম্বুরের ভারপ্রাপ্ত সম্পাদক নওসেবা সাবিহ কবিতা, এভারেস্ট একাডেমি’র সিইও রাফাহ উদ্দীন সিরাজী, বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী এবং এভারেস্ট একাডেমির পরিচালক মুসা ইব্রাহীম, এ ফর অ্যাডভেঞ্চার’য়ের পরিচালক সৈয়দ নাজমুস সাকিব।
অনুষ্ঠানে শুভেচ্ছা দূত হিসেবে আরও উপস্থিত ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের পর্বতারোহী মলয় মুখার্জী।
উল্লেখ্য, ২৬ অক্টোবর ভারত থেকে স্কাই ম্যারাথনের ‘শুভেচ্ছা দূত’ হিসেবে আরও যোগ দিয়েছিলেন দেবাশীষ বিশ্বাস (পশ্চিমবঙ্গের প্রথম বাঙালি যিনি বসন্ত সিং রায়ের সঙ্গে এভারেস্ট জয় করেছেন), ড. ত্রিদিব কুমার বসু (ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ন্যাশনাল অ্যাটলাস অ্যান্ড থিমেটিক ম্যাপিং অর্গানাইজেশন (ন্যাটমো)'র সাবেক যুগ্ম পরিচালক, সত্যরূপ সিদ্ধান্ত (আগামী বছর এভারেস্ট জয়ের পরিকল্পনাকারী) এবং কিরণ পত্র।
তারা ২৫ অক্টোবর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ২৬ অক্টোবর অ্যামেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ; ২৭ অক্টোবর বাংলাদেশ ইউনিভার্সিটি; ২৮ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টটিউট; ৩০ অক্টোবর বরিশাল বিভাগ এবং ১ নভেম্বর চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন’য়ের শিক্ষার্থী এবং চট্টগ্রামের অ্যাডভেঞ্চার প্রতিষ্ঠান ভার্টিক্যাল ড্রিমার্সের সদস্যদের সঙ্গে স্কাই ম্যারাথনের ক্যাম্পেইনে অংশ নেন এবং পর্বতারোহণের অভিজ্ঞতা বিনিময় করেন।
সংবাদ সম্মেলনে দেওয়া তথ্যানুসারে, ৬ নভেম্বর সিলেট থেকে বিভাগীয় পর্যায়ে স্কাই মিনি ম্যারাথন আয়োজিত হচ্ছে। এরপর পর্যায়ক্রমে ১৩ নভেম্বর বরিশালে, ১৪ নভেম্বর বরগুনার আমতলী উপজেলায়, ২০ নভেম্বর রংপুর বিভাগ, ২১ নভেম্বর রাজশাহী বিভাগ, ২২ নভেম্বর খুলনা বিভাগ, ২৭ নভেম্বর চট্টগ্রাম বিভাগ, ২৮ নভেম্বর ময়মনসিংহ বিভাগ এবং ৪ ডিসেম্বর ঢাকা বিভাগে করপোরেট স্কাই মিনি ম্যারাথন এবং ৫ ডিসেম্বর মানিক মিয়া অ্যাভিনিউয়ে কিডজ স্কাই মিনি ম্যারাথন আয়োজিত হবে।
পুরো আয়োজনে সহাযোগিতা করছে টপ অব দি ওয়ার্ল্ড। এছাড়া দি ডেইলি স্টার, ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান মেকার, পাক্ষিক পর্যটন ম্যাগাজিন দি বাংলাদেশ মনিটর এবং মাসিক শিশু-কিশোর ম্যাগাজিন টইটম্বুর এতে স্ট্র্যাটেজিক অংশীদার হিসেবে সহযোগিতা করছে।
সংবাদ সম্মেলনে স্কাই ম্যারাথনের ওপর একটি প্রেজেন্টেশন দেখানো হয়। এছাড়া স্কাই ম্যারথন উপলক্ষ্যে তৈরি করা একটি মোবাইল অ্যাপস প্রদর্শন করা এবং স্কাই ম্যারাথনের লোগো উন্মোচন করা হয়।
