২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মিউজ অব মিথস’

আবদুস শাকুর শাহ এর প্রদর্শনী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শরীফ আহমেদ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2015, 10:45 PM

Updated : 12 Oct 2022, 04:17 PM

‘ভাঙ্গা ঘর পড়িয়া রইছে চালে নাইরে ছানি, পিঞ্জিরা কইরা খালি উইড়াছে পঙ্খিনী।‘

ক্যানভাসের মাঝে আঁকাআঁকির ফাঁকে ময়মনসিংহ গীতিকার এরকম কিছু লাইন। উপরে তিন নারীর মুখমণ্ডল, তারও উপরে দুটি পাখি। এমনই এক ক্যানভাসের মাঝে যেন দেখতে পাওয়া যায়, হারিয়ে যাওয়া বাংলাকে।

মায়ের সঙ্গে সাথে গ্যালারি ঘুরতে আসা ছোট্ট শিশুটি কোনো এক ক্যানভাস দেখিয়ে বলতে থাকে, “মা শাকচুন্নি।”

আরেক কোণায় ঘোরের মতো ছবির দিকে তাকিয়ে আছেন ষাটোর্ধ্ব প্রৌঢ়া।

“আমার মায়ের মতো লাগলো যেন একজনকে।” কথা প্রসঙ্গে আউড়াতে থাকেন গ্রাম-দেশে ফেলে আসা স্মৃতি।

রাজধানীর ধানমণ্ডির বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসে এক বিকেলে এমন বেশ কিছু মানুষকেই পাওয়া যায় ‘মিউজ অব মিথস’ শিরোনামের প্রদর্শনীতে। শিল্পী আবদুস শাকুর শাহ’র ২২তম এই একক চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে শুক্রবার ৯ অক্টোবর।

এমনিতেই নীরিক্ষাধর্মী কাজ করেন শিল্পী শাকুর। শিল্পচর্চায় তার আগ্রহের জায়গা হাজার বছরের বাংলার গ্রামীন জনপদ। তবে এর মাঝে দেখা-অদেখার ভেদ আছে। তাই কখনও দেখে, কখনও শুনে, কখনও পড়ে জানতে হয় বাংলার সংস্কৃতি, জীবনধারা।

আবদুস শাকুর সেই যাত্রারই ছবি আঁকছেন দীর্ঘ সময় ধরে। এবারের প্রদর্শনীতে অ্যাক্রিলিক, ড্রইং, জলরং এবং কোলাজ মাধ্যমে করা মোট ৪৮টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

টেরাকোটা, পটচিত্র, নকশিকাঁথার মত দেশীয় সাংস্কৃতিক উপাদান থেকে অনুপ্রেরণা নিয়ে কাজ করছেন শিল্পী শাকুর। তার কাজে নীরিক্ষা আর গবেষণা দুইয়েরই মিশেল খুঁজে পাওয়া যায়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিল্পচর্চার করতে গিয়ে কখনও পশ্চিমা ধাঁচে প্রভাবিত না হয়ে বরং নিজস্বতা ধরে রেখেছেন তিনি।   

প্রদর্শনী ঘুরে আরেক শিল্পী মতলুব আলীর তাই উচ্ছ্বসিত ঢংয়ে বললেন, “ব্যাক্তিগতভাবে আমার সঙ্গে শাকুরের পরিচয় ও জানাশোনা অনেকদিনের। সেই জায়গা থেকেই বলতে পারি বেশ পরিশ্রমের পর আজ শাকুর নিজের একটা স্টাইল দাঁড়া করাতে পেরেছে। আর এ জন্য তাকে কষ্টও করতে হয়েছে বেশ।”

তিনি আরও বলেন, “আমাদের গ্রাম-বাংলার নিজস্ব ঢংয়ের মোটিফ নিয়ে কাইয়ুম চৌধুরী, কামরুল হাসানদের পর তো আর কেউ কাজই করেনি সেরকমভাবে। সে জায়গা থেকে শাকুর দুর্দান্তভাবে আমাদের চিত্রকলা শিল্পে অবদান রেখে যাচ্ছে।”

শিল্পী শাকুর দেহাবয়ব নিয়ে কাজ করেছেন বেশ। মানুষ কিংবা প্রাণী দুইয়েই আগ্রহ আছে তার। তবে সাধারণ দেহাবয়বের যে চল রয়েছে তা থেকে অনেকটা দূরে শাকুর। তার নিজস্ব ধাঁচের এই দেহাবয়ব কিংবা ক্যানভাসে খুঁটে দেওয়া কবিতা, বাংলাদেশের শিল্পকলা চর্চায় তাকে বিশেষ মর্যাদা দিয়েছে।

১৯৪৬  সালে বরিশালে জন্ম নেওয়া শিল্পী আবদুস শাকুর শাহ ১৯৭০ সালে সেসময়কার বাংলাদেশ কলেজ অব ফাইন আর্টস অ্যান্ড ক্র্যাফটস (বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ) থেকে ব্যাচেলর অব ফাইন আর্টস ডিগ্রি অর্জন করেন।

ভারতের বারোদার এমএস বিশ্ববিদ্যালয়েও পড়ালেখা করেছেন তিনি। শুরু থেকেই দেশীয় ঐতিহাসিক সব মোটিফের আধুনিক উপস্থাপনা নিয়ে কাজ করতে করতে বর্তমানের অবস্থায় পৌছেছেন তিনি। এজন্য নানা মাধ্যমের সহায়তা নিয়ে এক স্বতন্ত্র ধারায় শিল্পচর্চা অব্যাহত রেখেছেন শিল্পী আবদুস শাকুর শাহ।

প্রদর্শনী চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত যে কেউ ঘুরে আসতে পারবেন শিল্পী আবদুস শাকুর শাহ’র প্রদর্শনী থেকে।

বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের ঠিকানা: বাসা ৪২, রাস্তা ১৬ (নতুন), শেখ কামাল সরণী, ধানমণ্ডি, ঢাকা ১২০৯।

ছবি: ফায়হাম ইবনে শরীফ।