২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুতো ও ফ্যাশনের গল্পে ঈদ আয়োজন

ঈদের প্রস্তুতির অংশ হিসেবে দেশীয় ফ্যাশনপ্রেমীদের জন্য অনন্য এক আয়োজন ‘সুতোর গল্প- নিজস্বতায় বোনা উৎসব’।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2026, 12:25 AM

Updated : 26 Aug 2026, 02:59 PM

ফ্যাশন এন্টারপ্রেনারস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (এফইএবি)-এর উদ্যোগে মাইডাস সেন্টার-এ ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রদর্শনী ও মেলা ঈদ কেনাকাটার আলাদাধর্মী জায়গা হয়ে উঠেছে।

এছাড়া ঈদের জন্য দেশীয় সংস্কৃতি, কারুশিল্প ও সৃজনশীলতাই যাদের কাছে মুখ্য তাদের জন্যও এই মেলার আবেদন একেবারেই ভিন্ন।

এ আয়োজনে ঈদ কেনাকাটা করা যাবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮ পর্যন্ত ক্রেতারা ঈদ পোশাক, গয়না, ব্যাগ, জুতা অর্থাৎ ঈদের জন্য প্রয়োজনীয় সব ধরনের কেনাকাটাই সেরে নিতে পারবেন।

ঈদ কেনাকাটায় দেশীয় ব্র্যান্ডের উপস্থিতি

ঈদে যে নিজ দেশের বিভিন্ন ব্যান্ডের শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার কামিজ, গয়নায় হয় তাই দেশের ৩৯টি নিজ নামে পরিচিত ও উদীয়মান ব্র্যান্ড এই মেলায় এক সাথে এসেছে।

এর মধ্যে রয়েছে রঙ বাংলাদেশ, অঞ্জন’স, দেশাল, ক্রে ক্রাফট, সাদাকালো, গুটিপা, খুঁতের মতো পরিচিত ব্যান্ড আবার খাদি বাই নুভিয়া, পৌরাণিক, বালুচর, কনক দ্য জুয়েলারি প্যালেস, আজুরা বাই শান্তা কবির, ঋ, যথাশিল্প- সহ আরও অনেক ব্যান্ড এসেছে পোশাক, গয়না, ব্যাগসহ আরো অনেক ঈদ পণ্য নিয়ে।

ঈদের জন্য মেলা থেকে কী কেনা যাবে

মেলায় ঘুরলেই বোঝা যাবে শুধু পোশাক নয়, বরং পূর্ণাঙ্গ ঈদ কেনাকাটাই করা যাবে মেলায়। জামদানি, খাদি, মসলিন, মনিপুরি অনুপ্রাণিত শাড়ি, পোশাক, ব্লক, স্ক্রিন ও হ্যান্ড পেইন্টেড ড্রেস, হ্যান্ডমেইড জুয়েলারি ও অ্যাকসেসরিজ হোম ডেকর ও হস্তশিল্প, আধুনিক ফিউশন ঈদ সংগ্রহ মেলায় এনেছেন উদ্যোক্তারা।

আবার অনেক উদ্যোক্তাই পরিবেশবান্ধব কাপড় ও সাসটেইনেবল ফ্যাশনের দিকেও জোর দিয়েছেন।

পোশাক ব্র্যান্ড খুঁতের অন্যতম প্রধান আত্তি বলেন, “মেলায় যেহেতু ঈদের কেনাকাটাকেই প্রাধান্য দেওয়া হয়েছে তাই ঈদ উৎসব উপলক্ষ্যে ১১টি নতুন ডিজাইনের শাড়ি আনা হয়েছে। ক্রেতার বেশি পছন্দ করে ব্রিঞ্জ ব্রাউন, সাদা, ঘিয়ে মিশ্রনের মোহনা নামের শাড়িটি।”

এছাড়া সনাতনী নামের শাড়ি, সফট সিল্কের ১১টি ভিন্ন রংয়ের শাড়িও বেশ চলছে। দুইদিনের ৭টি রংয়ের সিল্ক শাড়ি বিক্রি হয়ে গেছে।

শুরুতে ‘বিডস’ নিয়ে গয়নার কাজ করলেও এখন নানাধর্মী গয়না ডিজাইন করেন ঋ-এর গয়না ডিজাইনার ও প্রধান মাধুরি সঞ্চিতা।

তিনি বলেন, “ঈদে অনেকেই হালকা গয়নার পাশাপাশি গ্লামার গয়নাও পরতে পছন্দ করেন। এমন ক্রেতাদের জন্য প্রথমবারের মতো কারচুপি গয়না এই মেলার জন্য ডিজাইন করেছি। ভারত ও পাকিস্তানি বিভিন্ন ডিজাইনারা কারচুপি গয়না নিয়ে কাজ করলেও আমাদের দেশে এমন কাজ আমিই প্রথম করলাম।”

ক্রেতাদের আগ্রহ

প্রথম দিন থেকেই তরুণ-তরুণী ও কর্মজীবী নারীদের উপস্থিতিই বেশি ছিল।

চারুলতা নামের এক ক্রেতা বলেন, “রোজার মাসের শুরুতেই ঈদের বিশেষ সংগ্রহ এখানে পাওয়া যাচ্ছে। আবার এক সাথে এত ব্র্যান্ড পাওয়া যাওয়ায় সময়, খরচ দুই-ই সাশ্রয় হচ্ছে।”

ক্রেতাদের অনেকেই ঈদের জন্য আগেভাগেই কেনাকাটা সারতে চান। ফলে নতুন ডিজাইন, সীমিত সংস্করণের পোশাক এবং ইউনিক হ্যান্ডক্রাফটেড আইটেমগুলোর চাহিদাই বেশি দেখা যাচ্ছে।

উদ্যোক্তারা যা বলছেন 

মেলায় অংশ নেওয়া উদ্যোক্তারা বলেন, ঈদে দেশীয় পণ্যের প্রতি সব সময় আগ্রহ থাকে। বিশেষ করে আলাদাধর্মী ডিজাইন, হাতে তৈরি কাজ, স্থানীয় ফ্যাব্রিক এই তিনটি বিষয়েই ক্রেতারা বেশি দেখেন।