২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগারগাঁওয়ে শুরু হল এসএমই মেলা

দেশি উদ্যোক্তাদের দেশি পণ্যের আয়োজন।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 12:27 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

‘এসএমই শক্তি, দেশের অগ্রগতি’— এই স্লোগান নিয়ে শুরু হয়েছে জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৫।

রোববার সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পর্দা উঠল আট দিনের দেশে তৈরি পণ্যের এই মেলায় সাড়ে তিনশোর বেশি স্টল বসেছে, যার ষাট শতাংশই নারী উদ্যোক্তাদের।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন’য়ের চেয়ারপারসন মো. মুসফিকুর রহমান বলেন, “দেশের ৯৯ শতাংশ শিল্পই কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি। স্বল্প পুঁজিতে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় এই খাত থেকেই। এই মেলা তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার সেতুবন্ধ।”

সবচেয়ে বেশি স্টল তৈরি পোশাকের— ৭৪টি। তারপর হস্তশিল্প ৫৪, চামড়া-পাদুকা ৪০, পাটজাত পণ্য ৩৫, খাদ্য প্রক্রিয়াজাত ২৮, শতরঞ্জি-বাঁশ-বেত ১৫, জুয়েলারি ৯, প্রসাধনী ৭, আইটি সেবা ৫— এভাবে বিভিন্ন খাত ছড়িয়ে আছে।

উদ্যোক্তাদের পাশে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প মন্ত্রণালয়ের দপ্তরগুলোও স্টল দিয়েছে যাতে ঋণ, প্রশিক্ষণ, সনদ—সব এক ছাদের নিচে পাওয়া যায়।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা, প্রবেশ ফি নেই। ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন।

বিশেষ আকর্ষণ হিসেবে ৮ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত থাকছে উইন্ডি টাউন হলে ছয়টি সেমিনার। বিষয়— সহজ ঋণ, রপ্তানি বাড়ানো, হালাল সনদ, পেটেন্ট-ট্রেডমার্ক-জিআই নেওয়া, দক্ষতা উন্নয়ন। যারা ব্যবসা বাড়াতে চান, তাদের জন্য রয়েছে সুযোগ।

আয়োজনে অংশ নেওয়া নারী উদ্যোক্তা সুমি আক্তার বললেন, “গত বছর মেলায় এসে প্রথম বড় অর্ডার পেয়েছিলাম। এবার আরও বড় স্বপ্ন নিয়ে এসেছি।”

এই মেলা শুধু কেনাকাটা নয়, এটা বাংলাদেশের নতুন প্রজন্মের উদ্যোক্তাদের সঙ্গে হাত মেলানোর জায়গা। দেশি পণ্যের গন্ধ নিন, দেশি স্বপ্নের সঙ্গে একটু মিশে যান।