দুর্গাপূজায় বাহারি পোশাকের সমারহ
পূজা শুরু হয়েও গেলেও দেশীয় ফ্যাশন প্রতিষ্ঠানগুলোতে দশমীর দিন পর্যন্ত থাকছে নানান পোশাকের আয়োজন।
শারদ উৎসবে রঙ বাংলাদেশ
রঙ বাংলাদেশ এই উৎসবের আবহ নিয়ে এসেছে শারদ উৎসব কালেকশনে; যেখানে মিশে আছে ঐতিহ্যের শিকড়, লোকজ শিল্প, শৈল্পিক কারুকাজ ও আধুনিক ফ্যাশনের রুচিশীলতা।
বাংলাদেশের লোকজ ঐতিহ্যের অনুপ্রেরণা— নকশী পিঠা, নামাবলি, দুর্গাপূজার মণ্ডপ ও চক্র দর্শন—নিয়ে বিষয়বস্তু-ভিত্তিক সংগ্রহ তৈরি করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
রয়েছে নকশী পিঠার নানান নকশার জ্যামিতিক ধারা, রেখার খেলা এবং রংয়ের ছন্দ।
কাঠ, কাপড়, বাঁশ, থার্মোকল কিংবা ধাতব উপাদানে তৈরি মণ্ডপগুলো প্রতি বছরই নতুন এক গল্প বলে, নতুন এক অনুভূতি সৃষ্টি করে। সেই গল্প, সেই রং ও সেই কারুকাজই এসেছে দুর্গাপূজার মণ্ডপ বিষয়বস্তুতে।
চক্র দর্শন হল প্রাচীন ভারতীয় ধারণা, যেখানে শরীরের সাতটি শক্তিকেন্দ্র বা চক্রের কথা বলা হয়েছে। শরীরের এই সাতটি চক্র মানসিক, শারীরিক ও আধ্যাত্মিক ভারসাম্যের প্রতীক। সেই ভাবনা থেকেই এই আয়োজন- রং, বুনন ও অলংকারে প্রকাশ পায় সেই চেতনার জাগরণ।
প্রেরণায় নামাবলী- কেবল একটি পোশাক নয়—এটি ভক্তি, শুদ্ধতা ও আত্মিক নিবেদনকে বহন করে।
পোশাক নকশায় লালের দীপ্তি, খয়েরির গভীরতা, আকাশির স্বচ্ছতা, গেরুয়ার উষ্ণতা, কমলা রংয়ের উচ্ছ্বাস আর সাদার নির্মলতা— সব রঙ মিলেমিশে যেন পূজোর সকাল, দুপুর আর সন্ধ্যার পুরো গল্প বলে দেয় প্রতিটি পোশাকে।
শারদীয় দুর্গাপূজা আয়োজন নিয়ে কে ক্র্যাফট
পূজা উৎসবকে আরও বর্ণিল করার প্রয়াসে কে ক্র্যাফট নিয়ে এসেছে বৈচিত্র্যময় উপযোগী পোশাক। কাঁথা, পেইসলে, ইজনিক, ট্র্যাডিশনাথা, ওরিয়েন্টাল, ফ্লোরাল-সহ মিশ্র মোটিফের অনুপ্রেরণা এবং নানান রংয়ের বিন্যাসে চলমান ধারা অনুযায়ী ডিজাইন করা হয়েছে শারদীয় দূর্গাপূজা কালেকশন।
বিজ্ঞপ্তিতে জানানো হয় কাট এবং ছাঁটে ভিন্নতা আনা হয়েছে। আরামদায়ক, সময় উপযোগী ও উৎসবধর্মী পোশাকের আয়োজনকে ঘিরে করা হয়েছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, টপস, টিউনিক, আনস্টিচড থ্রি-পিস।
ছেলেদের জন্য রয়েছে রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এছাড়াও পাওয়া যাবে এথনিক শার্ট ও ফতুয়া।
মেয়ে শিশুদের জন্য উৎসব ভিত্তিক পোশাকে থাকছে – সালোয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট ও ছেলে শিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, ফতুয়া সহ নানা আয়োজন। এছাড়া যুগলদের জন্য আছে বিশেষ পোশাক।
পোশাকের সাথে মিলিয়ে পরার জন্য অনুষঙ্গ হিসেবে আছে গয়না এবং অন্যান্য উপহার সামগ্রী।
বিশ্বরঙ-এ দুর্গাপূজার পোশাক প্রদর্শনী
এই সংকলনে গরমের কথা মাথায় রেখে ব্যবহার করা হয়েছে স্বাভাবিক-ভাবে ব্যবহার উপযোগী আরামদায়ক সুতি, লিলেন, ভিসকস, ভয়েল, স্লাব, শ্যামলে কাপড়। আর আভিজাত্য তুলে ধরতে জয়সিল্ক, ডুপিয়ান, হাফ সিল্ক, জর্জেট, সিফন-সহ ভিন্ন ভিন্ন বাহারি কাপড়ও আছে বলে জানানো হয় প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তিতে।
পোশাক গুলোতে উৎসবের আমেজ ফুটিয়ে তুলতে উজ্জল রং ব্যবহার করা হয়েছে, পাশাপাশি কাজের মাধ্যম হিসেবে এসেছে, টাই-ডাই, ব্লক, বাটিক, কারচুপি, এ্যাপলিক, কাটওয়ার্ক, স্ক্রিনপ্রিন্ট, ইন্ডাষ্ট্রিয়াল প্রিন্ট ইত্যাদি।
পূজার পোশাকে টুয়েলভের উদ্ভাবনী ছোঁয়া
টুয়েলভের পূজার সংগ্রহে এ বছর সমন্বিত হয়েছে সমকালীন ধারা ও বাঙালির শিকড়-গাঁথা ঐতিহ্য।
নারী, পুরুষ ও শিশুসহ সব বয়সি ও রুচির গ্রাহকদের জন্য আলাদা আলাদা রেঞ্জ থাকলেও আরাম, নিখুঁত ফিট ও নকশার নিখাদ শৈল্পিকতার আলোকে এগুলোকে এক সুতোয় গেঁথেছে এই প্রতিষ্ঠান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- পোশাকগুলোতে ব্যবহৃত হয়েছে সুতি, মিশ্র কটন, ব্লেন্ডেড সিল্ক, জর্জেটসহ আরামদায়ক নানান কাপড়। পাশাপাশি ডিজিটাল প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, সূক্ষ্ম এমব্রয়ডারি, সিকুইন ও কারচুপির মতো বড়সর ডিজাইনের কাজ এনে দিয়েছে বাড়তি আভিজাত্য।
নারী-পুরুষ-শিশুর জন্য বৈচিত্র্যময় আয়োজন। রয়েছে থ্রি পিস, টু পিস, গাউন, কুর্তি, টপ, শারারা বটম ও ওড়না।
পুরুষদের জন্য রয়েছে বেসিক ও এমব্রয়ডারি পাঞ্জাবির পাশাপাশি রেডিমেইড ধুতি।
শিশুদের জন্য রয়েছে ‘বয়েজ পাঞ্জাবি’, ‘গার্লস টু পিস’ এবং ফ্রক।
পাশাপাশি থাকছে ‘ফ্যামিলি কম্বো’।
