কক্সবাজারে দুই দিনের ট্যুরিজম আর্কিটেকচার সামিট
আয়োজনে থাকবে পরিবেশবান্ধব পর্যটন এবং জলবায়ু নিয়ে আলোচনা।
কক্সবাজারে ইতিমধ্যে অপরিকল্পিতভাবে পাঁচ শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্টহাউস, কটেজ ও কয়েক শ রেস্তোরাঁ তৈরি হয়েছে।
সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে না ওঠায় এক ঘণ্টার বৃষ্টিতে শহরের প্রধান সড়ক, সৈকত সড়কসহ অলিগলি ডুবে যায়।
হোটেল-রেস্তোরাঁর বর্জ্য ছড়িয়ে পড়ে সমুদ্র ও নদীর পানিতে। তাতে পরিবেশ-প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা কক্সবাজারের প্রাকৃতিক পরিবেশও নানা কৌশলে ধ্বংস হচ্ছে। ভ্রমণে আসা পর্যটকদের বিনোদনে নতুন ক্ষেত্রও তৈরি হচ্ছে না।
এ বিষয়গুলো মাথায় রেখে কক্সবাজারের প্যাঁচার দ্বীপ সৈকতের পরিবেশবান্ধব মারমেইড বিচ রিসোর্টে আজ ও আগামীকাল (১১ ও ১২ জুলাই) অনুষ্ঠিত হবে ট্যুরিজম আর্কিটেকচার সামিট।
স্থপতি মেরিনা তাবাসসুমের তত্ত্বাবধানে প্রথমবারের মতো এ আয়োজনের শিরোনাম ‘ডিসকোর্স বাই দ্য শোর: ট্যুরিজম আর্কিটেকচার সামিট-২০২৫’।
বিজ্ঞপ্তিতে জানানো হয়- আয়োজিত এই সম্মেলনে মূলত পরিবেশবান্ধব পর্যটন এবং জলবায়ু নিয়ে আলোচনা হবে।
দুই দিনব্যাপী সম্মেলনে স্থাপত্যের মাধ্যমে কীভাবে টেকসই পর্যটনকে সমর্থন করা যায় এবং পরিবেশগত ভারসাম্য ও সাংস্কৃতিক ঐহিত্য তুলে ধরা যায়—তার একটা উপায় বের করা হবে।
সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠান মারমেইড বিচ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক চৌধুরী বিজ্ঞপ্তিতে বলেন, “কক্সবাজার এখনও বিকাশমান একটি অঞ্চল, পরিবেশবান্ধব কক্সবাজার গড়তে এই সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সম্মেলন শুরু হবে ‘ইকো ট্যুরিজম এবং স্থাপত্যচর্চায় টেকসইতা’ শীর্ষক একটি প্যানেল আলোচনার মাধ্যমে। যেখানে উপস্থিত থাকবেন স্থপতি মেরিনা তাবাসসুম, খোন্দকার হাসিবুল কবির ও এহসান খান।
বিকেলে সাতজন স্থপতি তাঁদের প্রেজেন্টেশন উপস্থাপন করবেন। পরে একটি গাইডেড সান-সেট মেডিটেশনের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশে নকশা তৈরি করা হবে।
দ্বিতীয় দিনে আরও ১০ জন স্থপতি দুটি সেশনে তাঁদের ধারণাগুলো তুলে ধরবেন। সম্মেলন শেষ হবে একটি ‘ওপেন ফ্লোর প্যানেল’ আলোচনার মাধ্যমে। যার মডারেটর হিসেবে থাকবেন মাহমুদুল আনওয়ার রিয়াদ ও নাহাস খলিল।
সমাপনী বক্তব্যে সম্মেলনের সারমর্ম তুলে ধরবেন মেরিনা তাবাসসুম।
