বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন-এর দুয়ার খুললেন অপি করিম
প্রতিভা আবিষ্কারের পাশাপাশি থাকছে প্রশিক্ষণের ব্যবস্থা।
ফ্যাশন ও বিনোদন অঙ্গনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন’।
অভিনয়, মিডিয়া, গ্রুমিং ও ব্যক্তিত্ব উন্নয়নের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী অপি করিম। উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে নিজের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা, শৃঙ্খলার গুরুত্ব এবং ‘ইন্ডাস্ট্রিতে’ টিকে থাকার বাস্তব দিকগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ‘বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন’-এর প্রতিষ্ঠাতা ও বিশ্বরঙ-এর কর্ণধার, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।
এই উদ্যোগের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, “এটা এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রতিভাকে শুধু আবিষ্কারই নয়, বরং সঠিক প্রশিক্ষণ, আত্মবিশ্বাস ও পেশাদার মানসিকতার মাধ্যমে গড়ে তোলা হবে।”
উদ্বোধনী আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় একটি প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন ভবিষ্যতে দেশের ফ্যাশন ও বিনোদন শিল্পে দক্ষ, সচেতন ও আত্মবিশ্বাসী প্রতিভা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
