২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যায়াম ও ডায়েটের পরেও ওজন না কমার কারণ

অভ্যাস ও শারীরিক অবস্থার কারণে ওজন নাও কমতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2026, 05:20 PM

Updated : 26 Aug 2026, 03:26 PM

ডায়েট করছেন, প্রতিদিন ব্যায়াম করছেন, কিন্তু ওজনের কাঁটা নড়ছে না- এই হতাশা অনেকেরই চেনা।

ফেইসবুক, ইন্সটাগ্রামের ভিডিওতে দেখা যায়- অন্যরা দ্রুত ওজন কমাচ্ছেন, অথচ নিজের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন বলেন, “ডায়েট ও ব্যায়াম করার পরও ওজন না কমার পেছনে অনেক সময় শরীরের অভ্যন্তরীণ কারণ থাকে। এটি শুধু ইচ্ছাশক্তির অভাব নয়, হরমোন, ঘুম, স্ট্রেস এবং জিনগত ফ্যাক্টরও বড় ভূমিকা রাখে।”

ওজন না কমার প্রধান কারণগুলো

হরমোনের ভারসাম্যহীনতায় ‘কর্টিসল’ (স্ট্রেস হরমোন) বেড়ে গেলে শরীরে চর্বি জমে, বিশেষ করে পেটের চারপাশে।

থাইরয়েড হরমোন কম থাকলে (হাইপো-থাইরয়েডিজম) মেটাবলিজম ধীর হয়ে যায়। ইনসুলিন রেজিস্ট্যান্স বা ‘পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম’ থাকলেও ওজন কমানো কঠিন হয়।

ডা. আফসানা হক নয়ন বলেন, “হরমোনের সমস্যা থাকলে ডায়েট-ব্যায়াম যথেষ্ট নয়, চিকিৎসা প্রয়োজন।”

ঘুমের অভাব বা পর্যাপ্ত ঘুম না হলে ‘ঘ্রেলিন’ হরমোন বেড়ে ক্ষুধা বাড়ায় এবং ‘লেপটিন’ কমে পেট ভরার অনুভূতি কমায়। ফলে অজান্তেই বেশি খাওয়া হয়।

রাতে সাত থেকে আট ঘণ্টা ঘুম না হলে ওজন কমানো প্রায় অসম্ভব।

দীর্ঘস্থায়ী মানসিক চাপ চাপে কর্টিসল বাড়িয়ে চর্বি জমাতে সাহায্য করে। চাপে থাকলে শরীর ‘সারভাইভাল মোড’-এ চলে যায় এবং ওজন কমাতে বাধা দেয়।

নিয়মিত ‘স্ট্রেন্থ ট্রেনিং’ করলে চর্বি কমে পেশি বাড়ে। পেশি চর্বির চেয়ে ভারী, তাই ওজনের কাঁটা না কমলেও শরীরের আকার ছোট হয়। এটি আসলে ইতিবাচক লক্ষণ।

লুকানো ক্যালোরি ও ভুল হিসাব আর স্বাস্থ্যকর খাবার ভেবে অতিরিক্ত খাওয়া, কফি, জুস বা স্ন্যাকস থেকে অজান্তে বেশি ক্যালোরি গ্রহণ— এগুলো ওজন কমার পথে বড় বাধা।

জিনগত ও অন্যান্য কিছু কারণে মেটাবলিজম বা বিপাক ধীর হয়।

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া (অ্যান্টিডিপ্রেসেন্ট, স্টেরয়েড ইত্যাদি) বা ‘ফ্লুইড রিটেনশন’ও ওজন কমাতে বাধা দেয়।

ওজন কমাতে যা করা যায়

ডা. আফসানা হক নয়নের পরামর্শ, “দ্রুত ওজন কমানোর চেষ্টা না করে সুস্থ ও টেকসই জীবনধারা গড়ে তুলুন। ধৈর্য ধরুন, শরীরকে সময় দিন।”

আরও পড়ুন

ওজন না কমার মানসিক কারণ

ওজন কমানো যখন জরুরি

যেসব অভ্যাস থাকলে ওজন কমবে না