২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোরবানির আগে ব্যস্ত খাইট্টা-হোগলার বাজার

কিনতে গেলে গুনতে হতে পারে আগের বারের চেয়ে বাড়তি টাকা।

কোরবানির আগে ব্যস্ত খাইট্টা-হোগলার বাজার
সড়কের পাশে খাইট্টা ও হোগলাপাটির পসরা সাজিয়ে বসেছেন এক দোকানি। শুক্রবার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তোলা। ছবি: আব্দুল্লাহ আল মমীন

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 04:18 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

কোরবানির ঈদ এলে বাজারে শুধু পশু আর মসলার চাহিদা বাড়ে না। বাড়ে আরও কিছু জিনিসের, যেগুলো ছাড়া কোরবানির পরের কাজ চলে না।

মাংস কাটার জন্য দা, ছুরি, কাঠের গুঁড়ি, মাংস রাখার জন্য হোগলার চাটাই, পরিষ্কারের জন্য ঝাড়ু, মাংস ও বর্জ্য রাখার জন্য ঝুড়ি।

এই জিনিসগুলো সারা বছর চোখে পড়ে না। তবে ঈদের আগের কদিনে ঢাকার রাস্তায় রাস্তায়, বাজারের মোড়ে মোড়ে হঠাৎ দেখা মেলে, একদল মৌসুমি বিক্রেতা সাজিয়ে বসেছেন খাইট্টা আর হোগলার পসরা।

 বছরে মাত্র কদিনের ব্যবসা

কারওয়ান বাজারের মৌসুমি বিক্রেতা বাবুল মিয়া এবার পুরান ঢাকার একটি ‘স মিল’ থেকে গাছের গুঁড়ি কাটিয়ে প্রায় দেড়শটি খাইট্টা বানিয়ে এনেছেন।

সারা বছর তার অন্য কাজ। কোরবানির আগের এই তিন-চার দিনে খাইট্টা বিক্রি করেন। ঈদের আগের রাত পর্যন্ত চলে এই বেচাকেনা।

আদাবর এলাকার আরেক বিক্রেতা সাইফুল্লাহ বলেন, “কোরবানির পশু যতক্ষণ বিক্রি হবে, এসবও ততক্ষণ বিক্রি হতে থাকবে। পশু বিক্রি শেষ হলে খাইট্টার চাহিদাও শেষ।”

ভোলার তজুমদ্দিন উপজেলা থেকে হোগলা নিয়ে কারওয়ান বাজারে এসেছেন মো. জাফর। সঙ্গে কাঁচা ও শুকনো ঘাসও আছে।

তিনি বলেন, “এ বছর হোগলার গ্রাহক বেশি, বেচাকেনাও ভালো। যে পরিমাণ আনছিলাম, তার অর্ধেকই বিক্রি হইয়া গেছে।”

দরদাম

ঢাকার কারওয়ান বাজার, আদাবর, শ্যামলী, মোহাম্মদপুর টাউন হল এলাকার রাস্তার মোড়ে মোড়ে এখন এই পণ্যগুলো পাওয়া যাচ্ছে।

এসব এলাকায় ঘুরে জানা গেল, খাইট্টার দাম আকার অনুযায়ী ২৫০ থেকে ৭০০ টাকা। আকার যত বড়, দাম তত বেশি। গাছের ধরনেও দামে প্রভাব ফেলে।

তেঁতুলগাছের কাঠের খাইট্টা তুলনামূলক বেশি শক্ত এবং দামও বেশি।

বাবুল মিয়া বললেন, “প্রতিটিতে ১০০ থেকে ৩০০ টাকা লাভ থাকছে।”

দা, বটি, রামদা, চাপাতি, ছুরি কেনাবেচা ও পুরানো ছুরি ধার দেওয়ার কাজও চলছে।

হোগলা বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায় একেকটি। গত বছরের চেয়ে দাম কিছুটা বেশি বলে জানাচ্ছেন বিক্রেতারা।

পশুর খাবারের বাজারও জমজমাট

কোরবানির পশু কিনে অনেকেই কয়েকদিন বাড়িতে রাখেন। সেই পশুকে খাওয়াতে হয়। এই চাহিদাকে কেন্দ্র করে একটা মৌসুমি বাজার গড়ে উঠেছে।

এখন বাজারে শুকনো ও কাঁচা ঘাস বিক্রি হচ্ছে প্রতি আঁটি ৩০ থেকে ৪০ টাকায়। ভুসি ৬০ থেকে ৮০ টাকা কেজি, খইল ১০০ টাকা, ধানের তুষ ৩০ টাকা কেজি। কাঁঠালপাতাও বিক্রি হচ্ছে। ছোট ছোট তিন-চারটি ডালের আঁটি বানিয়ে ৫০ থেকে ১০০ টাকায় বিক্রি করছেন বিক্রেতারা।

ক্রেতারা কিছুটা অসন্তুষ্ট

দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ আছে। তেজতুরী বাজার থেকে হোগলা ও পশুর খাবার কিনতে কারওয়ান বাজারে এসেছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী পেয়ারে আহমেদ।

তিনি বলেন, “এ বছর এসব আনুষঙ্গিক পণ্যের দাম অনেক বেশি। তারপরও কোরবানির কাজ সামলাতে বাড়তি দাম দিয়েই কিনতে হচ্ছে।”

এটাই এই বাজারের বাস্তবতা। ক্রেতার কোনো বিকল্প নেই, বিক্রেতাও জানেন। তাই দামে খুব বেশি ছাড় মেলে না।

বাবুল মিয়া বা জাফরের মতো মানুষেরা সারা বছর অন্য কাজ করেন। তবে এই কদিনের জন্য অনেক দূর থেকে পণ্য এনে রাস্তায় বসেন।

কোরবানির ব্যস্ততার মাঝে তাদের কথা হয়তো কেউ ভাবেন না। তবে তারা না থাকলে কোরবানির পরের কাজটুকু অনেক কঠিন হয়ে পড়ত।

খাইট্টা আর হোগলার এই ছোট্ট বাজার আসলে কোরবানির ঈদের একটি অদেখা অংশ। প্রতি বছর আসে, কাজ করে, আবার চলে যায়।

আরও পড়ুন

ঈদের আগেই যেসব কাজ গোছানো জরুরি

ঈদে শিশুর নিরাপত্তা

কোরবানির পশু রাখার স্থান প্রস্তুত করার পন্থা

হাটে যাওয়ার জন্য জুতা কেমন হবে?