২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল মৌসুমে ব্যস্ততা সামলানোর কৌশল

কয়েকটি পন্থা অবলম্বন করলে স্কুলে যাওয়ার ব্যস্ততা আর তাড়াহুড়া কমানো যায়।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2025, 04:56 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

যে কোনো ধরনের বন্ধ শেষে স্কুল খোলার পর সাধারণত শিশুরা ব্যস্ততা, প্রস্তুতি আর উদ্বেগের মধ্যেই থাকে। তবে বাস্তবতা হল- এই চাপ শুধু শিশুদের নয় বরং অভিভাবকরাও তীব্র মানসিক, আর্থিক এবং সময়ের চাপে থাকেন এ সময়ে।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মনোরোগ বিশেষজ্ঞ ক্যাথরিন নোবল ওয়েলঅ্যান্ডগুড ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “যে কোনো পরিবর্তন সাধারণত দুশ্চিন্তা তৈরি করে। আর স্কুলে ফেরা এর ব্যতিক্রম নয়।”

এমন পরিস্থিতিতে নিজের এবং পরিবারের মানসিক চাপ কমাতে কিছু কার্যকর কৌশল অবলম্বন করা যায়। এই মনোরোগ বিশেষজ্ঞ অভিভাবকদের জন্য কিছু সহজ উপায়ের কথা বলেছেন।

ঘুমের সময়সূচি ধীরে ধীরে পরিবর্তন

টানা কয়েক দিনের ছুটিতে রাত জাগা আর দেরিতে ঘুম থেকে ওঠার অভ্যাস শিশুদের ঘুমের রুটিনে বিশৃঙ্খলা আনতে পারে।

স্কুল শুরুর অন্তত এক থেকে দুই সপ্তাহ আগে থেকে ধীরে ধীরে রাতের ঘুমের সময় এগিয়ে আনতে হবে। যেমন- যদি রাত ৯টায় ঘুমাতে যায়, তাহলে ধাপে ধাপে ১৫ মিনিট করে কমিয়ে ৮টায় ঘুমানোর অভ্যাস তৈরি করতে হবে।

আগেভাগে বাজেট তৈরি

স্কুল ব্যাগ, বই, পোশাক, খেলাধুলা বা কোচিং— সব মিলিয়ে স্কুল শুরুর সময় অর্থ ব্যয় হয় অনেক।

ক্যাথরিন নোবল পরামর্শ দেন, আগেই বাজেট ঠিক করে নিতে হবে এবং সেই অনুযায়ী খরচ সীমিত রাখা জরুরি।

বড় কিছু কিনতে হলে, ধাপে ধাপে কিনতে হবে। যেমন- ছুটির শুরুতে ল্যাপটপ কিনে নিন। আর পোশাক কিনুন ছুটির শেষে।

প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে স্বয়ংক্রিয় ব্যবস্থা

নিয়মিত ব্যবহারের জিনিস, যেমন- খাতা, কলম, টিফিন— এসবের জন্য অনলাইনে বা নিয়মিত ডেলিভারির ব্যবস্থা করা যেতে পারে। এতে সময় বাঁচাবে আর অনাকাঙ্ক্ষিত খরচও কমে আসবে।

একটি পারিবারিক ক্যালেন্ডার তৈরি

পরিবারের সবার কাজ, স্কুলের ইভেন্ট, কোচিং, পরীক্ষার সময়সূচি, চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট— এসব ট্র্যাক করতে ঘরের এক কোণে বড় একটি ক্যালেন্ডার ঝুলিয়ে দেওয়া যেতে পারে।

প্রতিটি সদস্যের জন্য আলাদা রং ব্যবহার করলে সময়সূচি মিলিয়ে দেখা আরও সহজ হবে।

সকালে প্রস্তুতির জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ

প্রতিদিন সকালে ব্যাগ, জামা, টিফিন খুঁজে বের করার ধকল কমাতে একটি ‘প্রিপ স্টেশন’ তৈরি করতে হবে। আগের রাতে প্রয়োজনীয় সব কিছু সাজানো উচিত যেন সকালে হুড়োহুড়ি না করতে হয়।

সপ্তাহান্তে টিফিন প্রস্তুত

সপ্তাহের শুরুতে একদিন সময় নিয়ে পুরো সপ্তাহের টিফিনের জন্য শুকনা খাবার বা প্যাকেটজাত স্বাস্থ্যকর খাবার প্রস্তুত করে রাখলে প্রতিদিন সকালে সময় বাঁচবে।

আর সিদ্ধান্ত নেওয়ার চাপও কমবে।

স্কুলের কাগজপত্র এক জায়গায় রাখা

স্কুল থেকে আসা ফর্ম, খবরের কাগজ, সময়সূচি, রিপোর্ট কার্ড— এসব হারিয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকে।

ক্যাথরিন নোবল পরামর্শ দেন, “ঘরে একটি দেয়ালে ফাইল হোল্ডার লাগিয়ে সেখানে প্রতিটি শিশুর জন্য আলাদা আলাদা করে কাগজ রাখার ব্যবস্থা করতে হবে। চাইলে ডিজিটাল স্ক্যান করে সংরক্ষণ করতে পারেন।”

দায়িত্ব ভাগ

সব কাজ একা করার চেয়ে শিশুদের উপযোগী ছোটখাটো কাজ তাদের হাতে তুলে দিন।

যেমন- জামা বেছে নেওয়া, বিছানা গুছিয়ে রাখা, দাঁত মাজা, মুখ ধোয়া— এসব ছোট দায়িত্ব শিশুদের মধ্যে আত্মনির্ভরতা তৈরি করে এবং অভিভাবকের কাজও হালকা হয়।

স্কুল শেষে নিরবচ্ছিন্ন সময় দিন

শিশুরাও স্কুলে দীর্ঘসময় মনোযোগী থাকে। ফলে ফিরে এসে মানসিকভাবে বিশ্রামের প্রয়োজন।

প্রতিদিন অন্তত ২০ থেকে ৩০ মিনিট এমন সময় দিন, যেখানে তারা পছন্দমতো কিছু খেলবে বা আঁকবে। চাইলে ওই সময়টায় দিনের ভালো-মন্দ দিকগুলো নিয়ে কথাও বলতে পারেন।

গাড়ি ভাগাভাগির ব্যবস্থা

স্কুলে যাতায়াত সবসময় চাপ সৃষ্টি করে, বিশেষ করে যদি একাধিক গন্তব্য থাকে।

অন্য অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে ‘কারপুলিং’ বা একে অপরের সন্তানের যাতায়াত ভাগাভাগি করলে সময় ও চাপ দুই-ই কমবে।

এতে সম্পর্কও সুদৃঢ় হয়। আর প্রয়োজনের সময় সাহায্য পাওয়া সহজ হয়।

বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া

যদি দেখেন নিয়মিত উদ্বেগ, ঘুমের ব্যাঘাত, মাথাব্যথা, খিটখিটে মেজাজ বা ক্লান্তি- নিজের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে, অথবা মনে হচ্ছে যথেষ্ট করছেন না— তাহলে দেরি না করে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন।

ক্যাথরিন নোবল বলেন, “একজন পেশাদার মনোচিকিৎসক আপনাকে মানসিক চাপ সামলাতে এবং ব্যস্ত জীবনযাত্রায় ভারসাম্য আনতে সহায়তা করতে পারেন।”

আরও পড়ুন

বংশগত কারণে অমনোযোগী শিশু

শিক্ষা গ্রহণে শিশুর অক্ষমতা বোঝার উপায়

ফোনে বেশি সময় কাটানোর প্রভাবে অভিভাবক-শিশুর সম্পর্কের ক্ষতি

শিশুকে কর্মচঞ্চল রাখার উপায়