২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সমস্যা মানেই টেস্টোস্টেরনের ফাঁদে আটকে থাকা নয়

শুধু টেস্টোস্টেরনের স্বল্পতাই নয়, পুরুষের যৌনাকাঙ্ক্ষা কমে যাওয়ার নানান কারণ থাকতে পারে।

সমস্যা মানেই টেস্টোস্টেরনের ফাঁদে আটকে থাকা নয়
ছবি: রয়টার্স।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2025, 05:01 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

হঠাৎ করে খুব ক্লান্ত বোধ করা? মন খারাপ থাকছে? যৌন আকর্ষণ কমে গেছে?- এই উপসর্গগুলো অনেক পুরুষই নিজের ভেতরে অনুভব করেন। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে।

তখন অনেকেই ভাবেন, হয়ত এটা ‘লো টেস্টোস্টেরন’ বা ‘লো টি’ সমস্যা।

তবে যুক্তরাষ্ট্রের ‘ইউরোলজিস্ট’ ও পুরুষ স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জামিন ব্রামভাট, নিজের অভিজ্ঞতা দিয়ে সমস্যাটির বিষয়ে ব্যাখ্যা করেছেন সিএনএন ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে।

তার মতে- বিষয়টি জটিল। এই সমস্যা শুধু হরমোনজনিত নয়। বরং ঘুম, চাপ, জীবনধারা এবং আরও বেশ কিছু সাধারণ চিকিৎসাযোগ্য কারণ- এর পেছনে দায়ী হতে পারে।

যদি টেস্টোস্টেরন ঘাটতি হয়?

এই প্রশ্নের উত্তর খুঁজতে চিকিৎসকেরা প্রাথমিকভাবে একটি প্রশ্নপত্র ব্যবহার করেন। যার নাম ‘অ্যান্ড্রোজেন ডিফিশিয়েন্সি ইন দ্য এইজিং মেইল (অ্যাডাম)’।

এই প্রশ্নপত্রে থাকে ১০টি প্রশ্ন-

আপনার যৌন ইচ্ছা কি কমে গেছে?

আপনি কি ক্লান্তি অনুভব করেন?

পেশিশক্তি বা সহনশক্তি কি কমে গেছে?

উচ্চতা কি কিছুটা কমেছে?

জীবনের প্রতি আনন্দ কি হ্রাস পেয়েছে?

আপনি কি মন খারাপ বা খিটখিটে মেজাজে আছেন?

আপনার যৌন উত্তেজনা কি দুর্বল হয়েছে?

খেলাধুলা বা কায়িক শ্রমে আগ্রহ কমে গেছে?

রাতের খাবারের পর ঘুমিয়ে পড়েন কি?

কর্মক্ষমতা কি সাম্প্রতিক সময়ে কমে গেছে?

এই প্রশ্নগুলোর মধ্যে ১ নম্বর বা ৭ নম্বর প্রশ্নে ‘হ্যাঁ’ বললে অথবা তিনটির বেশি প্রশ্নে ইতিবাচক উত্তর দিলে টেস্টোস্টেরনের ঘাটতির আশঙ্কা থেকে যায়।

তবে, এটাই চূড়ান্ত নয়। এসব উপসর্গ জীবনযাপনের নানান দিক থেকেও সৃষ্টি হতে পারে।

টেস্টোস্টেরন মাত্রা কত হলে তা ‘কম’ ধরা হয়?

‘আমেরিকান ইউরোলজিকাল অ্যাসোসিয়েশন’- এর নির্দেশিকা অনুসারে, মোট টেস্টোস্টেরনের মাত্রা ৩০০ ন্যানোগ্রাম পার ডেসিলিটার এর নিচে থাকলে তা টেস্টোস্টেরন ঘাটতি ধরা হয়।

তবে, মার্কিন দুই শীর্ষ ল্যাব ‘কুয়েস্ট ডায়াগনস্টিকস’ ও ‘ল্যাবকর্প’, এর দু’টি ভিন্ন মাত্রা নির্ধারণ করেছে।

‘কুয়েস্ট’ এর স্বাভাবিক সীমা: ২৫০–১১০০

‘ল্যাবকর্প’ এর সীমা: ২৬৪–৯১৬

এই কারণে, একজন ব্যক্তির মাত্রা ২৬০ হলেও একটি ল্যাবে তা ‘কম’ ধরা পড়ে, অন্যটিতে ‘স্বাভাবিক’।

এজন্য ‘আমেরিকান ইউরোলজিকাল অ্যাসোসিয়েশন’-এর নির্দেশিকাই অধিকাংশ চিকিৎসকের নির্ভরযোগ্য মানদণ্ড।

সকালে পরীক্ষা করানোর গুরুত্ব

টেস্টোস্টেরন মাত্রা সঠিকভাবে পরিমাপের জন্য সকাল ৭টা থেকে ১০টার মধ্যে, দু’দিন আলাদা আলাদা দিনে রক্তপরীক্ষা করানো দরকার। কারণ, এই সময় শরীরের টেস্টোস্টেরন স্বাভাবিকভাবে সর্বোচ্চ পর্যায়ে থাকে।

পরীক্ষা করানো যথেষ্ট নয়, উপসর্গও গুরুত্বপূর্ণ

শুধু মাত্রা দিয়ে নয়, পাশাপাশি উপসর্গও মূল্যায়ন করা প্রয়োজন। যেমন—

শক্তি কমে যাওয়া

যৌন আকাঙ্ক্ষায় পরিবর্তন

পেশি কমে যাওয়া

মেজাজ খারাপ থাকা

চিকিৎসা শুরু করার পর সাধারণত ৪৫০–৬০০ এজি/ডিএল এর মধ্যে টেস্টোস্টেরন নিয়ে আসা হয়। যাকে মধ্যম মাত্রা ধরা হয়। তবে এরজন্য কিছু সময় লেগে যেতে পারে। আর মাত্রা ছাড়াও প্রতিক্রিয়া নির্ভর করে ব্যক্তিভেদে।

টেস্টোস্টেরন নয়, অন্য কিছু কি দায়ী?

এই সমস্যা প্রায়ই টেস্টোস্টেরনের চেয়ে অন্য কিছুর কারণে হয়।

ঘুমের অভাব

যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল ইন্সটিটিউট অব হেল্থ’-এর মতে, ঘুম না হলে শরীরে হরমোন ভারসাম্য নষ্ট হয়। ক্লান্তি, মেজাজ পরিবর্তন ও যৌন ইচ্ছা হ্রাস পায়। বিশেষ করে ‘স্লিপ অ্যাপনিয়া’ থাকলে, শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না, ঘুমের গুণগত মান কমে যায়। আর টেস্টোস্টেরনও কমে যেতে পারে।

এই অবস্থায় সিপিএপি মেশিন ব্যবহারে উপকার মেলে।

চাপ বা স্ট্রেস

যখন দীর্ঘমেয়াদে মানসিক চাপে থাকা হয় তখন শরীরে কর্টিসল বাড়ে। এটা টেস্টোস্টেরনের ক্ষরণ কমিয়ে দেয়। ফলে ক্লান্তি ও যৌন ইচ্ছা হ্রাস পায়।

অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অনিয়মিত জীবনধারা

নানান গবেষণায় দেখা গেছে, বিগত কয়েক দশকে পুরুষদের টেস্টোস্টেরন উল্লেখযোগ্য হারে কমে গেছে। এর পেছনে দায়ী স্থূলতা, কম চলাফেরা ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া।

অন্যান্য রোগ ও ঘাটতি

থাইরয়েড হরমোনের ঘাটতি

ভিটামিন ডি ও বি-টুয়েল্ভ এর অভাব

ডায়াবেটিস

হৃদরোগ

এই রোগগুলোও ‘লো টি’-এর মতোই উপসর্গ তৈরি করে।

যৌন সমস্যায় কি টেস্টোস্টেরন দায়ী?

অনেক পুরুষই ভুল ভাবেন যে, যৌন ইচ্ছা বা উত্তেজনার ঘাটতির মানে ‘লো টেস্টোস্টেরন’ বা এই হরমোনের স্বল্পতা।

অথচ প্রায়ই সমস্যার পেছনে থাকে— মনস্তাত্ত্বিক চাপ, ‘পারফরম্যান্স’ নিয়ে ভয় অথবা সম্পর্কগত জটিলতা।

ডা. জামিন ব্রামভাট বলেন, “শুধু টেস্টোস্টেরন দিলে অনেক সময় ইচ্ছা বাড়ে, তবে কর্মক্ষমতা বাড়ে না।”

এক্ষেত্রে ‘সিডেনাফিল’ বা ‘টাডালাফিল’ ধরনের ওষুধ দিয়ে সরাসরি চিকিৎসা অধিক ফলপ্রসূ হয়। বর্তমানে এই ওষুধগুলো আগের চেয়ে অনেক সস্তা এবং সহজলভ্য।

চিকিৎসার প্রবণতা যেমন বাড়ছে তেমনি বাড়ছে ভুল সিদ্ধান্ত

‘আমেরিকান ইউরোলজিকাল অ্যাসোসিয়েশন’-এর ২০২৪ সালের রিপোর্টে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন পরীক্ষার হার তিনগুণ বেড়েছে।

তবে ২৫ শতাংশ পুরুষ চিকিৎসা শুরু করার আগে কোনো পরীক্ষা করাননি। ৫০ শতাং চিকিৎসা শুরুর পর আর টেস্টোস্টেরন পরীক্ষা করান না।

তবে ৩০ শতাংশ চিকিৎসাপ্রাপ্ত ব্যক্তিরই আসলে ক্লিনিক্যালি টেস্টোস্টেরন ঘাটতিতে পড়েন না।

অন্যদিকে, যাদের প্রকৃতপক্ষে চিকিৎসা দরকার, তারা অনেক সময় চিকিৎসা পান না ভুল ধারণা বা লজ্জার কারণে।

আরও পড়ুন

টেস্টোস্টেরন বাড়ায় যেসব খাবার

যে কারণে টেস্টোস্টেরোন মাত্রা জানা উচিত

বয়সের ভারে টেস্টোস্টেরন কমা প্রতিরোধ করতে

হরমোনের ভারসাম্য বজায় রাখতে করণীয়