২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

গোসলের সময় কনট্যাক্ট লেন্স পরা থাকলেই বিপদ

পানির ঝাপটা, সুইমিং পুল বা জলাশয়ে নামার সময় কনট্যাক্ট লেন্স পরা থাকলে চোখের জন্য ক্ষতিকর হতে পারে।

লাইফস্টাইল ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2025, 03:08 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

শুধু সাজগোজের অংশ ছাড়াও চোখের সমস্যায় অনেকেই চশমার পরিবর্তে কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন।

আর চোখ যেহেতু অন্যতম সংবেদনশীল অঙ্গ, তাই এর যত্নে সামান্য অবহেলাও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

অনেকেই নিয়মিত কনট্যাক্ট লেন্স ব্যবহার করেন। তবে প্রতিদিনের গোসলের সময় চোখে লেন্স রাখা হতে পারে চোখের জন্য সবচেয়ে ভয়াবহ ভুলগুলোর একটি?

যুক্তরাষ্ট্রভিত্তিক চক্ষু বিশেষজ্ঞ ডা. অ্যাশলি ব্রিসেট রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “গোসলের সময় কনট্যাক্ট লেন্স পরা চোখে এমন এক সংক্রমণ ঘটাতে পারে যা দৃষ্টিশক্তি স্থায়ীভাবে নষ্ট করে দিতে পারে।”

গোসলের পানি যে কারণে বিপজ্জনক

ডা. ব্রিসেটের মতে, “গোসলের পানি কখনই জীবাণুমুক্ত নয়।”

এই পানি নানান ধরনের অণুজীব থাকে, যার মধ্যে সবচেয়ে বিপজ্জনক হলো ‘আকান্থামিবা’ নামের এক ধরনের অ্যামিবা। এটি সাধারণত কলের পানি, লেক বা নদীর পানিতে থাকে।

লেন্স পরে গোসল করা হলে পানির এই অণুজীবগুলো লেন্সের ভেতর ও চোখের ‘কর্নিয়া’র মাঝে আটকে যায়। লেন্স চোখের স্বাভাবিক প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়, ফলে ‘আকান্থামিবা’ সহজেই কর্নিয়ায় সংক্রমণ ঘটাতে পারে।

এই সংক্রমণকে বলা হয় ‘আকান্থামিবা কেরাটাইটিস’। যা চোখে ভয়াবহ ব্যথা, জ্বালা, ঘোলা দেখা, এমনকি কর্নিয়া প্রতিস্থাপনের মতো জটিল অবস্থার দিকে নিয়ে যেতে পারে।

ডা. ব্রিসেট বলেন, “এটি এমন এক সংক্রমণ যা একজনের জীবনে বছরের পর বছর কষ্টের কারণ হতে পারে। অনেক সময় রোগীকে পুরো বছর ধরে চিকিৎসা নিতে হয়, তবুও দৃষ্টিশক্তি আগের মতো ফিরে আসে না।”

গোসলের আগে যা জানা জরুরি

অনেকে মনে করেন, গোসলের পানি ফিল্টার করলেই বা গরম পানি ব্যবহার করলেই সমস্যা হবে না।

তবে বিশেষজ্ঞের মতে, এমন ধারণা সম্পূর্ণ ভুল। ফিল্টার বা গরম পানিও সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত হয় না।

ডা. ব্রিসেটের পরামর্শ, “গোসলের আগে অবশ্যই কনট্যাক্ট লেন্স খুলে ফেলতে হবে। এমনকি ঝাপসা দেখার ভয় থাকলেও।”

কারণ, সামান্য অসতর্কতা ভবিষ্যতে বড় বিপদের কারণ হতে পারে। এ নিয়ম শুধু গোসলের জন্য নয়, সুইমিং পুল বা প্রাকৃতিক পানিতে গোসলের সময়ও লেন্স পরা একেবারেই নিষিদ্ধ।

লেন্স ব্যবহারকারীদের জন্য নিরাপদ অভ্যাস

ডা. ব্রিসেট আরও কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন, যা প্রতিদিনের জীবনে মানলে চোখ থাকবে নিরাপদ ও সুস্থ।

প্রসাধন ব্যবহারে সতর্কতা

ডা. ব্রিসেট একজন চক্ষু বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন প্রসাধনী সংস্থার নিরাপত্তা পর্যালোচনায়ও যুক্ত।

তিনি বলেন, "অনেকেই চোখের নিচের রেখায় (ওয়াটারলাইন) প্রসাধনী ব্যবহার করেন, যা চোখে সরাসরি স্পর্শ করে। এতে সংবেদনশীল চোখে সহজেই জ্বালা, অ্যালার্জি বা সংক্রমণ হতে পারে।"

প্রসাধনী ব্যবহারের আগে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের মাধ্যমে অনুমোদিত কি-না, তা যাচাই করা জরুরি।

ঘুমের আগে মেইকআপ পরিষ্কার না করলে যা হয়

ডা. ব্রিসেট বলেন, “অনেকেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু চোখের মেইকআপ পরিষ্কার না করা বড় ভুল। মাসকারা বা আইলাইনারের কণা রাতে চোখের ভেতরে ঢুকে গিয়ে কর্নিয়া’তে ঘষা লেগে ক্ষত তৈরি করতে পারে।”

তাই ঘুমানোর আগে অবশ্যই চোখের চারপাশ পরিষ্কার রাখতে হবে। এতে শুধু চোখ নয়, ত্বকও থাকবে সুস্থ।

ভয়ঙ্কর বাস্তবতা

"আকান্থামিবা’ সংক্রমণ এখন আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে। কারণ, এখন আগের চেয়ে অনেক বেশি মানুষ কনট্যাক্ট লেন্স ব্যবহার করছেন, কিন্তু সঠিক যত্ন নিচ্ছেন না”- বলেন ডা. ব্রিসেট।

অনেকে ভাবেন এটি বিরল, তবে বাস্তবে এমন ঘটনা অনেক বেশি।

আরও পড়ুন

কাছে দেখার চশমা যে বয়সে প্রয়োজন

চোখে যন্ত্রণা? তবে জেনে নিন কমানোর পন্থা

এই সময়ে চোখের যত সমস্যা

নিজের অজান্তেই যেভাবে চোখের ক্ষতি হচ্ছে