Published : 08 Oct 2023, 01:54 PM
সাধারণত প্রতি ২৭ দিন পরপর ত্বকের পুনর্জন্ম হয়। এটা ত্বকবিজ্ঞানের কথা।
তবে মরা চামড়া দেহে মিশে থাকে। এগুলো ঠিক মতো পরিষ্কার না করা হলে ব্রণ হওয়া, চুল পড়া, লোমকূপ বন্ধ হয়ে যাওয়ার মতো সমস্যা হয়। এই কারণে নিয়ম করে পুরো দেহ ঘষামাজা করা প্রয়োজন।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবস্থিত ‘ইসি বিউটি স্টুডিও অ্যান্ড স্পা’র প্রতিষ্ঠাতা ও সৌন্দর্য বিশেষজ্ঞ এরিকা চের্পা বলেন, “নতুন স্বাস্থ্যকর চামড়া গজানোর জন্য পুরান মরা চামড়া উঠাতে এক্সফলিয়েট করা জরুরি।”
আর দেহের বিভিন্ন অংশে ‘এক্সফলিয়েট’ বা স্তরে স্তরে জমে থাকা মরা চামড়া পরিষ্কার করার পদ্ধতিও আলাদা।
মাথার ত্বক
পরিষ্কার করতে হালকা শ্যাম্পু সম্পূর্ণ মাথায় ত্বকে গোলাকারভাবে মালিশ করতে হবে। এতে মৃত কোষ দূর হবে, রক্ত সঞ্চালন বাড়বে। চুলের গোড়া শক্ত হওয়ার পাশাপাশি খুশকি দূর হবে। এটা চুল পড়া কমাতেও সাহায্য করে।
উপাদান: ২ টেবিল-চামচ বাদামি চিনি, ২ টেবিল-চামচ ওটমিল গুঁড়া। ২ টেবিল-চামচ চুলের কন্ডিশনার।
পদ্ধতি: ভালোভাবে সবগুলো উপদান মিশিয়ে নিন। হালকা শ্যাম্পু দিয়ে চুল ভালোভাবে পরিষ্কারের পর হাতে বানানো স্ক্রাবটি মাথার ত্বকে গোলাকারভাবে মালিশ করতে হবে। মালিশ করা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।
মুখ
সুন্দর ও সুস্থ ত্বক পেতে সপ্তাহে দুয়েকবার ফেইস স্ক্রাব দিয়ে মুখ পরিষ্কার করা উচিত। এতে মৃত কোষ দূর হয় এবং সতেজভাব ফুটে ওঠে। এটা রক্ত সঞ্চালন বাড়ায়, লোমকূপ উন্মুক্ত করে।
আর লোমকূপ পরিষ্কার রাখা প্রয়োজন। না হলে ত্বকে ব্রণ ও বলিরেখা দেখা দিতে পারে।
উপাদান: ১ টেবিল-চামচ নারিকেল তেল। ২ টেবিল-চামচ চিনি।
পদ্ধতি: চিনি ও তেল ভালোভাবে মিশিয়ে মুখে লাগিয়ে গোলাকারভাবে মালিশ করতে হবে এক মিনিট ধরে। হাতের কাছে যখন অনেক উপাদান থাকে না তখন এভাবেই তৈরি করে নেওয়া যায় স্ক্রাবার।
এটা বানিয়ে তিন মাস রেফ্রিজারেইটরে সংরক্ষণ করা যায়।
ঠোঁট
রোদপোড়াভাব বা খারাপ আবহাওয়ার জন্য ঠোঁটেও মৃত কোষ দেখা দেয়। সুন্দর ঠোঁটে সুন্দর ভাবে লিপস্টিক ব্যবহারের জন্য হালকাভাবে ঠোঁট স্ক্রাব করা দরকার। ঠোঁট সুন্দর রাখতে বাড়িতেই তৈরি করা যায় মিন্ট স্ক্রাবার।
উপাদান: ২ টেবিল-চামচ চিনি। ১ টেবিল-চামচ মধু। ১ টেবিল-চামচ জলপাইয়ের তেল। ১ ফোঁটা পুদিনার তেল।
পদ্ধতি: সব উপাদান ভালোভাবে মিশিয়ে কাচের পাত্রে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত রেফ্রিজারেইটরে সংরক্ষণ করা যাবে।
স্ক্রাব করার সময় একটা পাতলা কাপড় হালকা গরম পানিতে ভিজিয়ে পাঁচ মিনিট ঠোঁটের ওপর রাখতে হবে। এরপর পুরু করে স্ক্রাবারটি ঠোঁটে মেখে পাঁচ মিনিট অপেক্ষা করে হালকা চাপ দিয়ে গোলাকারভাবে ঘষে ঠোঁটের মৃত কোষ দূর করা যাবে। তারপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
আরও পড়ুন
ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ঘরোয়া ফেইশল স্ক্রাব