০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বহুমুখী আসবাবে ঘরের জায়গা সাশ্রয়

ভাঁজ করা টেবিল বা খাটের নিচের অংশে কাপড় রাখার ড্রয়ার থাকলে, ঘরের জায়গা বাঁচানো যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Oct 2026, 04:16 PM

Updated : 08 Oct 2026, 04:16 PM

ছোট ঘরে জায়গার সঠিক ব্যবস্থাপনা না করলে, অগোছালো লাগতেই পারে।

বসার ঘরের বড় আসবাব, রান্নাঘরের কাজের জায়গায় জমে থাকা নানান জিনিস বা শোবার ঘরের অগোছালো বিছানার নিচের অংশ প্রয়োজনের তুলনায় ঘরকে আরও ছোট করে তোলে।

তাই কিছু আসবাবের ধরন বদলে ঘরের জায়গা সাশ্রয় সম্ভব।

‘মাল্টিইউজ’, ‘মাল্টিপার্পাস’ বা বহুমুখী আসবাব, যা একই সঙ্গে কয়েকটি কাজে ব্যবহার করা যায় বা প্রয়োজনের সময় ভাঁজ করে সরিয়ে রাখা যায়।

“ফলে ঘরের মেঝে খালি থাকে, চলাচলের জায়গা বাড়ে। এতে ঘরটিকেও তুলনামূলক গোছানো দেখায়”, বলেন অন্দরসজ্জাবিদ গুলশান নাসরিন।

ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইন শিক্ষা প্রতিষ্ঠান, রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন-এর এই প্রতিষ্ঠাতা আরও বলেন, “জায়গা বাঁচানোর কার্যকর আসবাবগুলোর বৈশিষ্ট্য হল, এগুলো প্রয়োজনে বন্ধ করা যায়, ওপরে তোলা যায় আবার মেঝে থেকে কিছুটা ওপরে রাখা যায়। ফলে মেঝে বেশি দেখা যায় এবং ঘরও তুলনামূলক খোলামেলা মনে হয়।”

রান্নাঘরের তাক সবকিছুর জায়গা না

রান্নাঘরের বেসিন বা চুলার পাশের জায়গা সাধারণত খাবার কাটা, মেশানো ও রান্নার প্রস্তুতির জন্য প্রয়োজন। তবে অন্য সামগ্রী জমতে থাকলে কাজের জায়গা কমে যায় আর রান্নাঘর হয়ে ওঠে অগোছালো।

রান্নাঘরের প্রয়োজনে আলমারির মতো বহুমুখী আসবাব ব্যবহারের পরামর্শ দেন, এই অন্দরসজ্জাবিদ।

তিনি পরামর্শ দেন, “রান্নাঘরের ভেতরে বা কাছাকাছি এমন বহুমুখী আসবাব রাখা যেতে পারে, যেখানে রান্নাঘরের জিনিসপত্র রাখার জায়গা থাকবে, অন্যদিকে প্রয়োজনীয় কাগজপত্র বা ছোটখাটো সামগ্রীও গুছিয়ে রাখা যাবে।”

দেয়ালে ঝোলানো আসবাব

বসার ঘরে টেলিভিশন ও অন্যান্য যন্ত্র রাখার জন্য বড় টেবিল বা আলমারি ব্যবহারে ঘর অনেকটাই ছোট ও ভরাট দেখায়।

গুলশান নাসরিনের পরামর্শ, “মেঝেতে রাখা বড় টেবিলের বদলে দেয়ালে লাগানো টিভি রাখার তাক বা কেবিনেট ব্যবহার করা যেতে পারে। এটি মেঝের ওপর কোনও জায়গা দখল করে না। ফলে ঘরও বেশি খোলামেলা দেখায়।”

ভাঁজ করা টেবিলে জায়গা সাশ্রয়

বাড়িতে বসে কাজ বা খাওয়া জন্য ঘরের একটা বড় জায়গা নিয়ে থাকে টেবিল ও চেয়ার। এর বদলে দেয়ালে লাগানো ভাঁজ করা যায় এমন টেবিলও ব্যবহার করা যেতে পারে।

টেবিল ব্যবহার শেষ আবার ভাঁজ করে গুটিয়ে রাখার সুবিধা পাওয়া যায় এই বহুমুখী আসবাব থেকে। অর্থাৎ এতে করে ছোট জায়গায় কাজ শেষে চলাচলের স্থানও বের হয়।

বিছানার নিচের জায়গার ব্যবহার

শোবার ঘরে জায়গা দখল করে যে আসবাবটি, সেটি হল বিছানা। অথচ বিছানার নিচের বড় একটি অংশ অনেক সময় অব্যবহৃত থেকে যায়।

সেখানে বাক্স বা জিনিসপত্র রাখলেও সেগুলো বের করা কঠিন হয়ে পড়ে।

তাই বিছানার সঙ্গে তৈরি করা সংরক্ষণের ব্যবস্থা থাকলে বিছানার চাদর, কম্বল বা মৌসুমি পোশাক সেখানে গুছিয়ে রাখা সহজ হয়।

গুলশান নাসরিন বলেন, “এই ধরনের বহুমুখী বিছানা শোবার ঘরে বড় আলমারি রাখার প্রয়োজনীয়তা কমাতে পারে।”

শুধু কাপ রাখার জন্য কফির টেবিল নয়

বসার ঘরের মাঝখানে থাকা কফির টেবিল সাধারণত বেশ কিছুটা জায়গা নিয়ে নেয়। তাই এমন একটি টেবিল বেছে নেওয়া যেতে পারে, যা একাধিক কাজে ব্যবহার করা যায়।

গুলশান নাসরিন বলেন, “উচ্চতা পরিবর্তন করা যায় এমন কফির টেবিল ব্যবহারে প্রয়োজন হলে টেবিলের ওপরের অংশ ওপরে তুলে সেটিকে খাওয়া বা কম্পিউটারে কাজ করার উপযোগী উচ্চতায় নেওয়া যায়। আবার টেবিলের ভেতরের অংশে জিনিসপত্র রাখা যায়, যেন তা চোখের আঁড়ালে থাকে।”

একই আসবাব টেবিল, কাজের জায়গা এবং সংরক্ষণের স্থান তিন কাজেই ব্যবহার হয়। যে কারণে ঘরে নতুন করে আরেকটি আলমারি বা বাক্স রাখার প্রয়োজন হয় না।

পুরানো খবর:

ঘরে আসুক মাখন হলুদ উষ্ণতা
ঘর সজ্জায় চলতি ধারা যে কারণে এড়ানো ভালো
দশ মিনিটে ঘরের সাজ বদল