২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু কাড়ল একজনের প্রাণ

নতুন বছরের ৯ দিনে মৃত্যু হলো চারজনের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2024, 07:20 PM

Updated : 09 Jan 2024, 07:20 PM

পাঁচ দিন বাদে ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সবশেষ মারা যাওয়া এ ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এর আগে গত ৪ জানুয়ারি একজনের প্রাণ কেড়েছিল এইডিস মশাবাহিত রোগটি। সব মিলিয়ে এ বছর চারজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ১৮ জন, ঢাকার বাইরে এ সংখ্যা ২৭।

সব মিলিয়ে এ বছরের প্রথম নয় দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮৫ জন।

মঙ্গলবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৩৫২ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ১৯০ জন ঢাকায় এবং ১৬২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায় ২০১৯ সালে; সে বছর ভর্তি হতে হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জনকে।

তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

একসময় বর্ষাকালকে বাংলাদেশে ডেঙ্গুর মৌসুম ধরা হত; এখন সেই বাস্তবতা বদলেছে বলে মনে করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. আহমেদুল কবীর।

তার ভাষ্য, “এখন বাংলাদেশে পিক সিজন বলে কিছু নাই। সারা বছরই কমবেশি ডেঙ্গু রোগী পাবেন। আমাদের পরামর্শ হচ্ছে, এখনও মশা নিয়ন্ত্রণসহ যত প্রতিরোধমূলক ব্যবস্থা সব নিতে হবে। সারা বছরই কাজ করতে হবে। ঢিলে দেওয়ার কোনো সুযোগ নাই।”