মৃত্যুহীন দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ১৫২ জন
এবছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯৮।
এইডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে কারও মৃত্যুর খবর দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।
তবে ঢাকা মহানগর ও বাইরের জেলার হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে আরও ১৫২ জন।
এর আগে সোমবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল। রোববার চারজন ও শনিবার একজনের প্রাণ কেড়ে নিয়েছিল ডেঙ্গু। তার আগে পরপর দুই দিন ডেঙ্গুতে মৃত্যুহীন ছিল দেশ।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত এক দিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন ১১৭ জন, ঢাকায় এ সংখ্যা ৩৫ জন। সবমিলিয়ে এ বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২০ হাজার ৭০১ জনে।
আক্রান্ত মোট রোগীদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নেন ১ লাখ ৯ হাজার ৮৭১ জন। ঢাকা শহরের বাইরে এ সংখ্যা প্রায় দ্বিগুণ, ২ লাখ ১০ হাজার ৮৩০ জন।
এবছর সবমিলিয়ে ডেঙ্গুতে মারা গেছেন ১৬৯৮ জন; যার মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ৯৭৮ জনের; ঢাকার বাইরে এ সংখ্যা ৭২০।
মঙ্গলবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৯৮৩ জন রোগী। তাদের মধ্যে ৩২৭ জন ঢাকায় এবং ৬৫৬ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন, নভেম্বর মাসে ৪০ হাজার ৭১৬ জন রোগী ভর্তি হয়েছে। ডিসেম্বরের প্রথম ২৬ দিনে ভর্তি রোগীর সংখ্যা ৮৮১০ জন।
জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুইজন, মে মাসে দুইজন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন, অক্টোবরে ৩৫৯ জন এবং নভেম্বরে ২৭৪ জনের মৃত্যু হয়। ডিসেম্বরের প্রথম ২৬ দিনে ৭৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
