২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী কমেছে
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৯ হাজার ১০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত এক দিনে দেশের বিভিন্ন হাসপাতালে ৪০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন, এ সময়ে কারও মৃত্যুর খবর আসেনি।
আগের দিন বৃহস্পতিবার ভর্তি রোগীর সংখ্যা ছিল ৮৯৬ জন। সে হিসেবে একদিনের ব্যবধানে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত একদিনে ঢাকায় ৩০৪ জন ও ঢাকার বাইরে ১০৫ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
নতুন রোগীদের নিয়ে বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ২০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ঢাকায় ২ হাজার ১৮২ জন ও ঢাকার বাইরে ১ হাজার ২৫ জন ভর্তি রয়েছেন।
ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় ৩০৯ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, খুলনা বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ২৯ জন, বরিশাল বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন সবশেষ ২৪ ঘণ্টায়।
সারাদেশে এ পর্যন্ত যে ১১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন, তাদের মধ্যে ৬৫ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং একজনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগের নরসিংদী জেলায়। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে দুইজন, খুলনা বিভাগে ২ এবং বরিশাল বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে।
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৯ হাজার ১০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৫ হাজার ৭৯০ জন।
চলতি বছর এইডিস মশাবাহিত এই রোগ ১১০ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এর মধ্যে অক্টোবরের ২১ দিনে মৃত্যু হয়েছে ৫৫ জনের।
এর আগে সেপ্টেম্বরে মোট ৩৪ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়, যা এ বছর এক মাসের সর্বোচ্চ। এছাড়া অগাস্টে ১১ জন, জুলাইয়ে ৯ জন এবং জুন মাসে একজনের মৃত্যু হয়েছিল।
অক্টোবরেই এ বছরের সর্বোচ্চ ১৩ হাজার ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে গেছেন। এর আগে সেপ্টেম্বরে ৯ হাজার ৯১১ জন, অগাস্টে ৩ হাজার ৫২১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন। সরকারি হিসাবে সেবার মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।
ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হন, কেবল তাদেরই তথ্য আসে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। আক্রান্ত হয়েছেন কিন্তু হাসপাতালে ভর্তি হননি, এমন ব্যক্তিরা সরকারের হিসাবের বাইরেই থেকে যান।
