দেশে ২৪ ঘণ্টায় ১ কোভিড রোগীর মৃত্যু, শনাক্ত ১৪
গত ২৪ ঘণ্টায় ৬০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দেশে গত এক দিনে ১৪ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন একজন কোভিড রোগী।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১ হাজার ৬৯৫টি নমুনা পরীক্ষা করে ১৪ জন নতুন রোগী শনাক্ত হয়।
তাতে দিনে শনাক্তের হার দাঁড়িয়েছে ০ দশমিক ৮৩ শতাংশ। আগেরদিন এই হার ছিল ০ দশমিক ৬৩ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৬ হাজার ৯১১ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৯ হাজার ৪৩৮ জন।
গত ২৪ ঘণ্টায় ৬০ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৮৬ হাজার ৭৩০ জন।
গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৩ জন ঢাকার বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জ জেলায় একজন নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৬২ জেলায় নতুন করে কারও করোনাভাইরাস শনাক্ত হয়নি।
গত একদিনে যে ব্যক্তির মৃত্যু হয়েছে তিনি ছিলেন সিলেট বিভাগের বাসিন্দা। ওই নারীর বয়স ছিল ৮০ বছরের বেশি। একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।
প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৬ লাখ ৬৪ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৫ কোটি ২৭ লাখ।
