২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে প্রথমবার মৃত্যু হাজার ছাড়াল

হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৮৮ জনে।

ডেঙ্গুতে প্রথমবার মৃত্যু হাজার ছাড়াল

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2023, 05:46 PM

Updated : 27 Dec 2023, 06:47 PM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৭ জনের। এ নিয়ে চলতি বছর এ রোগে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬ জন। এর আগে বছরে মশাবাহিত এ রোগে এত মৃত্যু দেখেনি বাংলাদেশ; কয়েক বছর ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়ার পর থেকে বছরে কখনই মৃত্যু ৩০০ পেরোয়নি।

এবার বছরের মাঝামাঝি থেকে এইডিস মশাবাহিত এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ভয়াবহ আকারে বাড়ার মধ্যে বছরের প্রথম নয় মাসেই তা হাজার ছাড়াল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত্যুর সংখ্যায় রেকর্ডের দিনে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৮২ জন রোগী। এ নিয়ে এ বছর দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬ হাজার ২৮৮ জনে। রোগী ভর্তির এ সংখ্যাও যে কোনো সময়ের সর্বোচ্চ।

অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়। ২০১৯ সালের আগে এ রোগে কখনই ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়নি। ২০১৯ সালে মারা যান ১৭৯ জন। পরের বছর আক্রান্ত ও মৃত্যু কম থাকলেও তা অনেক বাড়ে ২০২২ সালে; মৃত্যু হয় ২৮১ জনের। এতদিন পর্যন্ত যা ছির বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারি মাসে ছয়জন মারা যান। ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিল ও মে মাসে দুজন করে এবং জুন মাসে মারা যান ৩৪ জন। ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়ায় ১৫ জুলাই। এরপর মৃতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে।

দুই মাসের কিছু বেশি সময়ে মৃত্যু হয় আরও ৮০০ জনের। ২৫ জুলাই ২০০, ৫ অগাস্ট ৩০০, ১৪ অগাস্ট ৪০০, ২৩ অগাস্ট ৫০০, ২ সেপ্টেম্বর ৬০০, ৮ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ৭০০, ১৬ সেপ্টেম্বর ৮০০ এবং ২৪ সেপ্টেম্বর ৯০০ ছাড়ায় ডেঙ্গুতে মৃত্যু। পরের ছয়দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একশ জনের মৃত্যু হয়েছে।

দেশে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের মধ্যে ৬৪৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় মৃত্যু হয়েছে আরও ৩৫৮ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি এবং মৃত্যুর তথ্য ঢাকার সরকারি ও বেসরকারি ৫৭টি হাসপাতাল এবং ঢাকার বাইরে বিভিন্ন সিভিল সার্জন অফিস থেকে পাঠানো হয়।

অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২২৫৩ জন এবং ঢাকায় ৬১৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯ হাজার ৩৫৭ জন রোগী। এরমধ্যে ঢাকায় ৩১২০ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬২৩৭ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর যাদের মৃত্যু হয়েছে, তাদের প্রায় সবাই ডেঙ্গু হেমোরেজিক ফিভারে ভুগছিলেন এবং শক সিনড্রোমে মারা গেছেন বলে চিকিৎসকরা বলছেন।

(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)