ডেঙ্গুতে একদিনে দুজনের মৃত্যু
দুই সপ্তাহে সাতজনের মৃত্যু দেখল বাংলাদেশ।
দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত দুজন মারা গেছে, এ সময়ে রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ জন।
সবশেষ মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকায় চিকিৎসাধীন ছিলেন, আরেকজন ঢাকার বাইরে। সব মিলিয়ে এ বছর সাতজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন যেসব রোগী হাসপাতালে গেছে, তাদের মধ্যে ১৪ জন ভর্তি হয়েছে ঢাকা মহানগরে, বাকি ২৪ জন চিকিৎসা নিচ্ছে ঢাকার বাইরে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ৪৬ জন।
সব মিলিয়ে এ বছরের প্রথম ১৪ দিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৭০ জন। তাদের মধ্যে ঢাকায় ২৫১ জন এবং বাকি ৪১৯ জন ঢাকার বাইরে ভর্তি হয়।
রোববার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ২৩৯ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ১২১ জন ঢাকায় এবং ১১৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
গত বছর মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন, যাদের মধ্যে ১৭০৫ জনের মৃত্যু হয়। এত মৃত্যু ও আক্রান্ত এর আগে কোনো বছর দেখেনি বাংলাদেশ।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রথমবার এক লাখ ছাড়ায় ২০১৯ সালে; সে বছর ভর্তি হতে হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জনকে।
তার দুই বছর বাদে ২০২২ সালে ডেঙ্গু কেড়েছিল ২৮১ জনের প্রাণ; সেটিই ছিল গত বছর পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।
