২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের গুঁড়োদুধ পরীক্ষার উদ্যোগ

নিউজিল্যান্ড থেকে আমদানি করা গুঁড়ো দুধ পরীক্ষা করে দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2013, 04:08 PM

Updated : 23 Aug 2022, 06:44 PM

চীন নিউজিল্যান্ড থেকে গুঁড়োদুধ আমদানি বন্ধ করার ঘোষণা দেয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় এ উদ্যোগ নিচ্ছে। 

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে  স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক বলেন,  তার দপ্তর থেকে শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়ে এ ব্যাপারে চিঠি যাবে।

স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মাত্রার নাইট্রেট পাওয়ায় রোববার নিউজিল্যান্ডের কোম্পানি ওয়েস্টল্যান্ড মিল্ক প্রোডাক্টসের গুঁড়োদুধ ও দুগ্ধজাত পণ্য আমদানির ওপর স্থগিতাদেশ জারি করেছে চীন।  

এর আগে চলতি মাসের শুরুতে ফন্তেরা কোপারেটিভ গ্রুপ লিমিটেডের গুঁড়োদুধ ও শিশুখাদ্য আমদানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয় ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়ায়।

তবে, বাংলাদেশ ফন্তেরার তৈরি গুঁড়োদুধ ও শিশুখাদ্য আমদানি করে না বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

বিশ্বে ডেইরি পণ্যের সবচেয়ে বড় যোগানদাতা দেশ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মোট রপ্তানিতে দুগ্ধজাত পণ্যের অবদান এক-চর্তুথাংশ।

বাংলাদেশ প্রধানত নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ডেনমার্ক থেকে দুগ্ধজাত পণ্য আমদানি করে থাকে। ২০০৮ সালে পরীক্ষাগারে অনুসন্ধানে দেশে আসা ৮টি বিদেশি ব্রান্ডের দুগ্ধজাত পন্যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মেলামাইনের উপস্থিতি পাওয়া যায়, যার মধ্যে নিউজিল্যান্ডের দুটি ব্রান্ড রয়েছে।