২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অ্যানথ্রাক্স রোধে জন ও পশুস্বাস্থ্য বিভাগের একত্রে কাজ করা প্রয়োজন'

অ্যানথ্রাক্স জীবাণুর বিস্তার রোধে জনস্বাস্থ্য ও গৃহপালিত পশু স্বাস্থ্য বিভাগের একযোগে কাজ করা প্রয়োজন বলে মনে করেন আইইডিসিআর'র পরিচালক মাহমুদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 03:29 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

নুরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অ্যানথ্রাক্স জীবাণুর বিস্তার রোধে জনস্বাস্থ্য ও গৃহপালিত পশু স্বাস্থ্য বিভাগের একযোগে কাজ করা প্রয়োজন বলে মনে করেন আইইডিসিআর'র পরিচালক মাহমুদুর রহমান। চলতি সপ্তাহে পাবনায় দুজনের শরীরে অ্যানথ্রাক্স সংক্রমণের প্রেক্ষিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন তিনি। মাহমুদুর রহমান বলেন, "অ্যানথ্রাক্স আক্রান্ত গৃহপালিত পশু নাড়াচাড়া করার সময় জীবাণুটি মানুষের শরীরে যায়। তবে মানুষ থেকে মানুষে এ রোগের সংক্রমণ ঘটে না।" শনিবার পাবনার সাথিয়ায় চাঁদ উল্লাহ ও মিরাজুল নামের দুজনের শরীরে আনথ্রাক্স জীবাণুর সংক্রমণ সনাক্ত হয়। গত বছর গবাদিপশুতে অ্যানথ্রাক্স সংক্রমণের ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি। রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মহাপরিচালক জানান, গৃহপালিত পশু বিশেষজ্ঞসহ আইইডিসিআর'র একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল খবর পাওয়ার পরপরই ওই জেলাতে গিয়েছেন। তিনি বলেন, "শুরুর দিকে ধরা পড়লে ও চিকিৎসা নিলে ত্বকে অ্যানথ্রাক্স সংক্রমণে প্রাণনাশের ঝুঁকি থাকে না। তবে ফুসফুস ও অন্ত্রে সংক্রমণ ঘটলে তা মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।" গৃহপালিত পশু থেকে সংক্রামিত এ রোগ নিয়ন্ত্রণে জোর তৎপরতা শুরু করেছে বলে জানান পরিচালক। অ্যানথ্রাক্স নিয়ে আতঙ্কিত না হয়ে এ রোগ বিষয়ে সচেতন হতে সবার প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, একটি কমদামি ভ্যাকসিন এ ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে পশুকে রক্ষা করতে পারলেও সারা দেশে সঠিকভাবে তা সরবরাহ করা হচ্ছে না। অ্যানথ্রাক্স সৃষ্টিকারী ব্যাকটেরিয়া ব্যাসিলাস অ্যানথ্রাসিস খুব প্রতিকূল অবস্থার মধ্যেও কয়েক শতক ধরে মাটিতে টিকে থাকতে পারে- এ কথা উল্লেখ করে মাহমুদুর বলেন, বর্ষার পানি ব্যাকটেরিয়াকে ভূ-পৃষ্ঠে নিয়ে আসে এবং ঘাসের মাধ্যমে গরু-ছাগলসহ গৃহপালিত পশুর শরীরে তা প্রবেশ করে। তিনি জানান, আক্রান্ত পশুর মাংস নাড়াচাড়া বা তার মাংস খেয়ে মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে। অ্যানথ্রাক্স ছড়ানো ঠেকাতে অসুস্থ পশু জবাই না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বাংলাদেশের গ্রামাঞ্চলে একটি গরু বা ছাগল অসুস্থ হলে মানুষ সেটাকে জবাই করে আত্মীয় ও প্রতিবেশিদের মধ্যে মাংস বিতরণ করে। গতবছর এভাবেই বেশি সংখ্যক মানুষ অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়।" তিনি জানান, গত সেপ্টেম্বরে সারা দেশে পাঁচ শতাধিক মানুষ অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, টাঙ্গাইল, মেহেরপুর, মানিকগঞ্জ, সাতক্ষীরা, লালমনিরহাট, রাজশাহী, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলায় অ্যানথ্রাক্স ধরা পড়ে। মাহমুদুর বলেন, ২০০৯ সালের অগাস্ট থেকে অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার খবর শোনা যায় এবং ২০১০ সালের ১৭ জুন পর্যন্ত মাত্র ৯৯ জন এ রোগে আক্রান্ত হয়। কিন্তু তারপরেই অ্যানথ্রাক্স সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে ২০১০ সালের অক্টোবর পর্যন্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ছয়শ' সাত জনে। অ্যানথ্রাক্সে কেউ মারা না গেলেও গরু, ছাগল ও ভেড়ার মাংস খাওয়া অনেকাংশে বন্ধ হয়ে যায়। উল্লেখযোগ্য হারে কমে যায় মাংস কেনা-বেচা। ১৯৮৬ সালে ১৯ চামড়া শ্রমিকের শরীরে প্রথম অ্যানথ্রাক্স-সংক্রমণ সনাক্ত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/২১২২ ঘ.