কুমিল্লা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসকের উপর হামলাকারীদের শাস্তির দাবিতে আগামী ২৮ মার্চ কুমিল্লা জেলায় দিনব্যাপী চিকিৎসক ধর্মঘট ডাকা হয়েছে।
শনিবার শহরের বিএমএ জেলা কার্যালয়ে বিএমএ ও ক্লিনিক মালিকদের এক সভায় এ সিদ্ধান্ত হয়।
গত ১ মার্চ শহরের বাদুরতলায় 'সিডি প্যাথ হসপিটালে'-এ ডা. মো. নাজমুল হাসানের উপর হামলা চালায় দুর্বৃত্তরা।
জেলা বিএমএ'র সাধারণ সম্পাদক আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ডা. নাজমুল হাসানের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লা বিএমএ ২৮ মার্চ কুমিল্লার ১৬টি উপজেলাসহ জেলা শহরে পূর্ণদিবস চিকিৎসক ধর্মঘট চূড়ান্ত করেছে।
সভায় উপস্থিত ছিলেন জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী, কুমিল্লা ক্লিনিক মালিক সমিতির সহ-সভাপতি ডা. আব্দুল কুদ্দুস আখন্দ, সাধারণ সম্পাদক রইস আব্দুর রব, জেলা বিএমএ নেতা ডা. মো. জাহাঙ্গীর হোসেন ভূইয়া, ডা. মো. ইজাজুল হক প্রমুখ।
গত ২৮ ফেব্র"য়ারি রাতে সিডি প্যাথ হসপিটালে আনা একটি রোগী মারা যায়। পরদিন (১ মার্চ) সকালে ডা. নাজমুল ক্লিনিকে এলে রোগীর কয়েকজন আত্মীয় তাকে মারধর করে।
ওই ঘটনায় লিটন, খোরশেদ, তারেক ও টিপু নামের চারজনকে আসামি করে কোতোয়লি মডেল থানায় একটি মামলা করেন হামলার শিকার ডাক্তার নাজমুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৪ ঘ.
bdnews24