চট্টগ্রামে এক মাথাওয়ালা জমজ শিশুর জন্মের পরই মৃত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার দুপুরে এক মাথা নিয়ে জমজ সন্তানের জন্ম হয়েছে। তবে জন্মের এক মিনিটের মধ্যেই মারা গেছে শিশু দুটি।
মেডিকেল সূত্র জানায়, জমজ শিশু দুটির চারটি করে হাত-- পা থাকলেও মাথা, নাক, বুক ও পেট একটি এবং উভয়ের শরীর জোড়া লাগানো ছিল। এদের চারটি কান থাকলেও চোখ ছিল দুটি। জন্মের কিছুক্ষণের মধ্যেই শিশু দুটি মারা যায়। তবে তাদের মা সুস্থ আছেন।
এরকম শিশুর জন্মের সংবাদ হাসপাতালে ছড়িয়ে পড়লে তাদের দেখতে গাইনী ওয়ার্ডে ব্যাপক ভিড় জমে যায়।
হাসপাতাল সূত্র জানায়, শারীরিক বিভিন্ন সমস্যা নিয়ে গত ১২ মার্চ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন এক গৃহবধু (নাম প্রকাশে অনিচ্ছুক)। চিকিৎসকরা আলট্রা সনোগ্রাফির মাধ্যমে শিশু দুটির শারীরিক ত্র“টি সম্পর্কে জানতে পেরে অপারেশনের সিদ্ধান্ত নেন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় গাইনী বিভাগের সহকারী রেজিস্টার ডা. হেনা দাসের নেতৃত্বে চারজন ডাক্তার তার অপারেশন করেন। কিন্তু জন্মের এক মিনিটের মধ্যে মারা যায় এ জমজ সন্তান।
চিকিৎসকরা এটিকে ‘দুর্লভ ঘটনা’ বলে মন্তব্য করে জানান, গত পাঁচ বছরে চমেক হাসপাতালে এ ধরনের ঘটনা এই প্রথম।
চিকিৎসা বিজ্ঞানের গবেষণার স্বার্থে তাদের পিতা জমজ সন্তান দুটিকে হাসপাতালকে দান করে দিয়েছেন। তবে লোক লজ্জার কারণে তাদের পরিচয় গোপন রাখার অনুরোধ জানিয়েছেন।
বর্তমানে শিশু দুটিকে ফরমালিন দিয়ে সংরক্ষণ করা হচ্ছে।
