মনের স্বাস্থ্য: সেবা দেবে সরকার
মনোসমস্যায় ভোগা সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে কাউন্সেলিংয়ের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।
কর্মসূচি থাকছে ধর্ষণ, যৌন হয়রানি ও আত্মহত্যার প্রবণতা রোধের পাশাপাশি হিজড়া, যৌনকর্মী ও সমকামীদের সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলানোরও।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নীতিমালা তৈরিতে হাত দিয়েছে, যার খসড়ায় সুপারিশ এসেছে মনের স্বাস্থ্য নির্মাণের নানা বিষয়ে।
নীতিমালাটি জারি হলে সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিক সংস্থা, শিল্প কারখানা এবং ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত ও সামাজিক যোগাযোগ দক্ষতা উন্নয়ন, রাগ নিয়ন্ত্রণ, মানসিক চাপ মোকাবেলা দূর করতে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যাকে একটু কাউন্সেলিং করিয়ে ঠিক করা সম্ভব তা না করিয়ে অনেকেই তাকে পাগল মনে করেন। সমাস্যা, টেনশন, হতাশা থেকে অনেকে ডিপ্রেশনে চলে যায়।”
স্ফিংস এমবেডেড ইন দ্য স্যান্ড, সালভাদর দালি
“তাই আমরা মনোসামাজিক কাউন্সেলিংয়ের উদ্যোগ নিয়েছি।”
নীতিমালার খসড়ায় বলা হয়েছে, জনগণের শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক সুস্থতা নিশ্চিত করতে মনোসামাজিক কাউন্সেলিং প্রয়োজন। এই কাউন্সেলিং শুধু মানসিক সমস্যার জন্যই নয়, ইতিবাচক মনোভাব গঠনেও দরকার।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০০৬ সালের এক জরিপের তথ্য তুলে ধরে খসড়ায় বলা হয়েছে, বাংলাদেশে মোট জনসংখ্যার ১৬ দশমিক ১০ শতাংশ মানসিক সমস্যায় ভোগে।
এসব সমস্যার জন্য শৈশবকালীন বিলম্বিত বিকাশ, অপুষ্টি, যথাযথভাবে প্রতিপালনের অভাব, নিরক্ষরতা, আত্মনিয়ন্ত্রণের অভাব, দারিদ্র্য, বেকারত্ব, পারিবারিক ও সামাজিক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা, অপ্রাপ্তি, অসহসনীয় মানসিক চাপ, মানসিক ও যৌন হয়রানি, সহিংসতা, যৌতুকের চাপ, পরকীয়া ও দাম্পত্যকলহকে দায়ী করা হয়েছে।
বাংলাদেশের ৪ দশমিক ৬ শতাংশ মানুষ বিষণ্নতায় ভুগছে জানিয়ে খসড়ায় উল্লেখ রয়েছে, যারা আত্মহত্যা করেন তাদের ৯০ শতাংশের মধ্যে কোনো না কোনো ধরনের মানসিক সমস্যা ছিল, আত্মহত্যার দায়ী বিষণ্নতা।
ন্যাশনাল ট্রমা সেন্টারের এক জরিপ অনুযায়ী, এই সেন্টারে আসা ২৫ থেকে ৩০ বছরের বিবাহিত নারীদের মধ্যে বিষণ্নতার হার অবিবাহিতদের চেয়ে বেশি। এই সমস্যা সমাধানে মনোসামাজিক কাউন্সেলিং বিশেষ ভূমিকা পালন করে থাকে।
আওতায় আসবেন যারা
খসড়ায় বলা হয়েছে, সাজাপ্রাপ্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পরিবারের সদস্যদের মনোসামাজিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে।
নিরাপদ হেফাজত কেন্দ্র ও কারাগারে বন্দি নারীদের মানসিক সমস্যা নিরসন ও পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতেও দেওয়া হবে কাউন্সেলিং।
এছাড়া এইচআইভিতে আক্রান্তদের মনোবল বাড়াতে কাউন্সেলিং ছাড়াও হিজড়া, যৌনকর্মী ও সমকামীদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে এদের নিয়ে যারা কাজ করেন তাদের মাধ্যমে প্রচারণা চালাবে সরকার।
প্রকৃতিক দুর্যোগ ও মানুষের দ্বারা বিপর্যয়ে পড়া ব্যক্তি; আকাশ, সড়ক ও নৌপথে বিভিন্ন যানের সঙ্গে সংশ্লিষ্ট ছাড়াও দমকলকর্মী, সেনাবাহিনী এবং জরুরি সেবায় নিয়োজিতরা কাউন্সেলিংয়ের আওতায় আসবেন।
গণমাধ্যমে কর্মরতদের মানসিক চাপ দূর করতে কর্মশালা ছাড়াও ব্যক্তিগত মনোসামাজিক কাউন্সেলিংয়ের উদ্যোগ নেওয়া হবে বলে খসড়ায় উল্লেখ রয়েছে।
কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হবে বিয়ের করার আগে পারস্পরিক বোঝাপড়া তৈরি, বৈবাহিক সম্পর্কের গুরুত্ব অনুধাবন এবং বিবাহ পরবর্তী জীবন সম্পর্কে জানাতেও।
দাম্পত্য সমস্যা নিরসন ও সুখি দাম্পত্য জীবন নিশ্চিতকরণে সব জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে একজন কর্মকর্তাকে এবং সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার প্রতিনিধিকে দাম্পত্য কাউন্সেলিং বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে।
নীতিমালা অনুযায়ী দেশের মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কাউন্সেলিংয়ের ব্যবস্থা রাখা হবে।
অনাকাঙ্খিত ঘটনায় স্বজন হারানো পরিবারের সদস্যদের শোক ও নিঃসঙ্গতা কাটাতে সরকারি কর্মকর্তা ছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠানের নেতাদের শোক প্রশমন কাউন্সেলিং প্রশিক্ষণ দেওয়া হবে।
শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সম্পর্ক উন্নয়ন, ব্যক্তিগত ও পেশাগত সমস্যা নিরসনে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দুইজন শিক্ষক কাউন্সেলিং প্রশিক্ষণ পাবেন।
নীতিমালা জারি হলে ধর্ষণ, যৌন হয়রানি ও অল্প বয়সে মা হওয়া প্রতিরোধে বয়ঃসন্ধিকালীন ছেলেমেয়েদের যৌন শিক্ষা দিতে সব শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সেলর নিয়োগ করতে হবে।
প্রতিরক্ষা বাহিনী, বার্ন ইউনিট, লাশঘর, শ্মশান ও কবরাস্থান, এতিমখানা, ডে-কেয়ার, শিশু বিকাশ কেন্দ্র, আবাসিক হোস্টেল ও আবাসিক হলে কর্মরতদের মানসিক চাপ মোকাবেলায় কাউন্সেলিং করানো হবে।
প্রতিবন্ধীদের মূলধারায় আনতে তাদের সমস্যা বুঝে তাদের প্রতি সঠিক আচরণ করতে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বৃদ্ধ নিবাসের কর্মকর্তা-কর্মচারীদের এসব নিবাসে অবস্থানকারীদের সমস্যা বুঝতে কাউন্সেলিং দেওয়া হবে।
ট্রাফিক পুলিশদের কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করে খসড়ায় বলা হয়েছে, তাদের মানসিক সুস্থতা নিশ্চিতে প্রতিটি ট্রাফিক প্রশিক্ষণ কেন্দ্রে মনোসামাজিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে হবে।
