বিনামূল্যে স্তন ক্যান্সার শনাক্তের পরীক্ষা শুরু
বিজয়ের মাসে বিনামূল্যে স্তন ক্যান্সার নির্ণয়ের পরীক্ষার সুযোগ দেওয়া শুরু করেছে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল।
মঙ্গলবার সন্ধ্যায় মহাখালীর হাসপাতালটিতে মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
নাসিম বলেন, “বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী বিনামূল্যে স্তন ক্যান্সার পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে সারাবছর এই ধরনের কার্যক্রমও আমরা চালাব।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. মোয়াররফ হোসেন।
অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক দীন মুহাম্মদ নুরুল হক, ক্যান্সার ইনস্টিটিউটের রেডিয়েশন অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মফিজুর রহমান উপস্থিত ছিলেন।
মফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার ও ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত নারী রোগীরা প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করতে পারবেন।
