২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছর শুরুর ৫ দিনে হাসপাতালে দুই শতাধিক ডেঙ্গু রোগী

২০২২ সালের পুরো জানুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১২৬ জন ডেঙ্গু রোগী।

বছর শুরুর ৫ দিনে হাসপাতালে দুই শতাধিক ডেঙ্গু রোগী

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2023, 09:30 PM

Updated : 05 Jan 2023, 09:30 PM

বছরের প্রথম পাঁচ দিনে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে ঢাকায় ১০৪ জন এবং ঢাকার বাইরে ১০৩ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

২০২২ সালের পুরো জানুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১২৬ জন; সেই হিসেবে এবার বছরের শুরুতেই এর থেকে বেশি রোগী হাসপাতালে ভর্তি হলেন।

এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়।

কেবল ডিসেম্বরেই পাঁচ হাজার ২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ২৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৩১ রোগীর মধ্যে ঢাকার হাসপাতালে ২৫ জন ও বাইরের হাসপাতালে ৬ জন রোগী ভর্তি হয়েছেন।

নতুন বছরে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭ জন ডেঙ্গু রোগী, এ সময়ে কারও মৃত্যু হয়নি।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ২১৪ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ১০১ জন ও অন্যান্য বিভাগে ১১৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন।

এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।