Published : 17 Jun 2023, 12:15 PM
নির্মাতা আশুতোষ যখন আমিরকে সিনেমাটির স্ক্রিপ্ট পড়ে শুনিয়েছিলেন, প্রথম তিন মিনিট শুনেই সেটি বাতিল করেছিলেন আমির। ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ খানও। কিন্তু পরিচালক নাছোড়বান্দা। পরে আশুতোষের অনুরোধে টানা ছয়মাস ধরে মোট তিনবার সেই গল্প শুনতে শুনতে আমির কখনও হেসেছেন, কখনও কেঁদেছেন, কখনও হতবাক হয়েছেন। ২২ বছর পর পুরনো অ্যালাবাম দেখতে দেখতে ফের চোখ ভিজেছে বলে জানান বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।
‘লগন’ এ নিজের চরিত্র ‘ভূবন’র গেটআপ-মেকাপ নিয়ে সমালোচনা আছে আমিরের নিজেরই। আমিরের ভাষ্য, যে গ্রামে পানির সংকট, বৃষ্টি হয় না, সেই গ্রামের বাসিন্দা হয়ে ভূবন রোজ দাঁড়ি-গোফ কেটে ‘ক্লিন শেভড’ হয়ে থাকেন, যা মানায় না।
সিনেমার গল্পটিও আমির ছবিগুলোর সঙ্গে ছোট করে বলে দিয়েছেন- ব্রিটিশ শাসনাধীন ভারতের চম্পারণ গ্রামের মানুষ বৃষ্টি হয়নি বলে এক বছর খাজনা দিতে পারেনি। তারা সেনা ক্যাপ্টেন রাসেল নামক এক অহংকারী ব্যক্তিকে এক বছর খাজনা মাফ করার অনুরোধ জানালে ওই ক্যাপ্টেন এক অদ্ভুত শর্ত দেয় গ্রামাবাসীকে। তাদেরকে বলা হয়, গ্রামের ব্রিটিশ শাসকদের সঙ্গে ক্রিকেট খেলতে হবে তাদের। যদি তারা জিতে যায়, তাহলে খাজনা মওকুফ করা হবে আর হারলে তিনগুণ খাজনা দিতে হবে। এই খেলায় সম্পূর্ণ অনভিজ্ঞ গ্রামবাসী প্রথমে খেলতে ভয় পেলেও ভূবন রাজি হয়। সবাই প্রথম রাজি না থাকলেও পরে ভূবনের কথা মেনে নেয়। শেষমেশ জান লড়িয়ে খেলে জিতে যায় ভূবনের দল।
‘লগন’ কেবল জনপ্রিয়তাই পায়নি, ২০০২ সালে সেরা বিদেশি ভাষার সিনেমা ক্যাটাগরিতে অস্কার নমিনেশনও পেয়েছিল। এছাড়া আটটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতে নেয় সিনেমাটি। আর আমির খান দ্বিতীয়বারের মতো সেরা অভিনেতার পুরস্কার জয় করেন ফিল্মফেয়ার আসরে।
গানের দিক থেকেও ‘লগন’র জনপ্রিয়তা তুখোড়। ভারতের অস্কার জয়ী সুরস্রষ্টা এ আর রহমান সংগীত পরিচালনা করেছিলেন এই সিনেমার।
বিশেষ করে জাভেদ আখতারের লেখা ‘ঘানান ঘানান ঘানান’ গানটি ফেরে মানুষের মুখেমুখে। আমির বলেছেন, এই গানের দৃশ্যায়নে যারা অভিনয় করেছিলেন, তারা কেউ পেশাদার ছিলেন না। তাই শুটিংয়ের প্রথমদিন কাজ বানচাল হয়ে যায়। পরে নির্মাতা সব অভিনয়শিল্পীকে এক জায়গায় বসিয়ে ঘণ্টাখানেক ধরে গানটি গাইয়ে মুখস্ত করিয়েছিলেন।