Published : 20 May 2026, 10:38 PM
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের চর্চা, প্রসার এবং তার জীবন ও সৃষ্টি নিয়ে গবেষণায় স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন গবেষক ও অধ্যাপক রশিদুন নবী এবং সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরা।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা একাডেমি এ তথ্য জানিয়েছে; তাতে বলা হয়েছে শনিবার বিকেলে বাংলা একাডেমি আয়োজিত নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে।
পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ১ লাখ টাকা, সঙ্গে দেওয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়।
নজরুল বিষয়ক বইয়ের সম্পাদনা, মৌলিক গবেষণা গ্রন্থ, নজরুল সংগীতের স্বরলিপি গ্রন্থ, গবেষণা প্রবন্ধ রচনা ও প্রকাশ ছাড়াও নজরুলের সর্বাধিক সংখ্যক সংগীত সংকলন গ্রন্থ ‘নজরুল সংগীত সংগ্রহ’ রশিদুন নবীর।
দীর্ঘ সংগীতজীবনে নজরুলসংগীতকে জনপ্রিয় করতে বিশেষ ভূমিকা রেখেছেন ফাতেমা তুজ জোহরা।
দেশ-বিদেশে মঞ্চে নজরুলের গান পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। সংগীতে অবদানের জন্য তিনি ২০০৬ সালে একুশে পদক পান।