১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফের মৃত্যুর গুজব: তানিয়া বৃষ্টি 'ভালো আছেন', জানালেন পরিচালক সকাল

অভিনেত্রী তানিয়া বৃষ্টি সুস্থ আছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই বিশ্রামে আছেন।

ফের মৃত্যুর গুজব: তানিয়া বৃষ্টি 'ভালো আছেন', জানালেন পরিচালক সকাল
তানিয়া বৃষ্টি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2026, 04:59 PM

Updated : 11 Sep 2026, 03:22 PM

ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করা ছোটপর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে হঠাৎ করে আবারো মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে অভিনেত্রী সুস্থ আছেন এবং ঢাকার বাসাতেই আছেন বলে গ্লিটজকে জানিয়েছেন পরিচালক সকাল আহমেদ।    

সকাল আহমেদ বলেন, "এইসব সঠিক নয়, এই খবরগুলো মানুষ কীভাবে ছড়ায়। বৃষ্টি জীবিত, ভালো আছেন এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসায় থেকেই বিশ্রামে আছেন।"  

তবে এ বিষয়ে জানতে তানিয়াকে ফোন করা হলে তিনি সাড়া দেননি। 

গেল ২৮ মে ঈদের দিন ফেইসবুক লাইভে এসে অভিনেত্রী জানিয়েছিলেন, চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে রেডিওথেরাপি শেষ করে তিনি এখন কেমোথেরাপি শুরু করতে যাচ্ছেন। 

সেসময় তানিয়া বৃষ্টি বলেন, "আমি এখন অনেকটা ভালো আছি এবং সুস্থবোধ করছি। আপনারা জানেন চিকিৎসার প্রয়োজনে আমি ভারতে ছিলাম, এখন দেশে ফিরেছি। আমার চিকিৎসার একটি ধাপ, অর্থাৎ রেডিওথেরাপি শেষ হয়েছে। এখন কেমোথেরাপি শুরু করব। সুস্থ হওয়ার জন্য এই ট্রিটমেন্ট প্রক্রিয়াটি সামনের দিনগুলোতেও নিয়মিত চলতে থাকবে।"

শিগগিরই কাজে ফেরার আশার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেছিলেন, "আমি আরেকটু ঠিকঠাক হলে কাজে ব্যাক করব। শরীরকে তো কিছুটা সময় দিতে হয়। শারীরিকভাবে ফিট বোধ করি, তখনই কাজে ফিরব। খুব শিগগিরই আবার শুটিংয়ে ফিরব।"

ঈদে মুক্তি পেয়েছে বৃষ্টি অভিনীত 'লাভ লক', 'মরিয়ম', 'ডেঞ্জারাস ভাড়াটিয়া', 'শূন্যের সংসার', 'মরিয়ম'সহ বেশ কিছু নাটক।

অভিনেত্রী বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হয়েছে।

অস্ত্রোপচার শেষে মার্চ মাসে ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এখন অভিনেত্রীর তৃতীয় ধাপের চিকিৎসা চলছে। 

এই সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে বৃষ্টি অন্যতম। নিয়মিত নাটকে অভিনয় করছেন।

২০১৫ সালে আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ দিয়ে বড় পর্দায় পা রাখেন তিনি। ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’।

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় কাজের কথাও ছিল এই অভিনেত্রীর। ঠিক এমন সময়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।

আরও পড়ুন:

সুস্থতার পথে তানিয়া বৃষ্টি, সামনে চলবে কেমোথেরাপি

ব্রেন টিউমারে আক্রান্ত তানিয়া বৃষ্টি৪ ঘণ্টার অস্ত্রোপচার

দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির