১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুস্থতার পথে তানিয়া বৃষ্টি, সামনে চলবে কেমোথেরাপি

অভিনেত্রী জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে রেডিওথেরাপি শেষ করে তিনি এখন কেমোথেরাপি শুরু করতে যাচ্ছেন।

সুস্থতার পথে তানিয়া বৃষ্টি, সামনে চলবে কেমোথেরাপি
তানিয়া বৃষ্টি। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2026, 06:06 PM

Updated : 26 Aug 2026, 03:43 PM

ব্রেন টিউমারের সঙ্গে লড়াই শেষে এখন অনেকটাই সুস্থ আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি; তবে এখনো তার চিকিৎসা প্রক্রিয়া শেষ হয়নি।

বৃহস্পতিবার ফেইসবুক লাইভে এসে অভিনেত্রী জানিয়েছেন, চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে রেডিওথেরাপি শেষ করে তিনি এখন কেমোথেরাপি শুরু করতে যাচ্ছেন।   

তানিয়া বৃষ্টি বলেন, "আমি এখন অনেকটা ভালো আছি এবং সুস্থবোধ করছি। আপনারা জানেন চিকিৎসার প্রয়োজনে আমি ভারতে ছিলাম, এখন দেশে ফিরেছি। আমার চিকিৎসার একটি ধাপ, অর্থাৎ রেডিওথেরাপি শেষ হয়েছে। এখন কেমোথেরাপি শুরু করব। সুস্থ হওয়ার জন্য এই ট্রিটমেন্ট প্রক্রিয়াটি সামনের দিনগুলোতেও নিয়মিত চলতে থাকবে।"   

শিগগিরই কাজে ফেরার আশার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, "আমি আরেকটু ঠিকঠাক হলে কাজে ব্যাক করব। শরীরকে তো কিছুটা সময় দিতে হয়। শারীরিকভাবে ফিট বোধ করি, তখনই কাজে ফিরব। খুব শিগগিরই আবার শুটিংয়ে ফিরব।"

ঈদে মুক্তি পেয়েছে বৃষ্টি অভিনীত 'লাভ লক', 'মরিয়ম', 'ডেঞ্জারাস ভাড়াটিয়া', 'শূন্যের সংসার'সহ বেশ কিছু নাটক।

দর্শকদের নাটকগুলো দেখার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, "আপনাদের কাছে অনুরোধ, আপনারা কাজগুলো দেখবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। আপনাদের মতামত আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে।"

অভিনেত্রী বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হয়।

এরপর ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হয়। তখন থেকে প্রায় চার মাস ধরে চলছে অভিনেত্রীর চিকিৎসা। 

এই সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। নিয়মিত তিনি নাটকে অভিনয় করছেন।

২০১৫ সালে আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ দিয়ে বড় পর্দায় পা রাখেন তানিয়া বৃষ্টি। ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’।

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় কাজের কথাও ছিল তার। এমন সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।