১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির

চিকিৎসার বিভিন্ন ধাপ পেরিয়ে এখন কিছুটা সুস্থতার পথে আছেন তানিয়া বৃষ্টি।

দ্বিতীয় দফায় ভারতে অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
তানিয়া বৃষ্টি

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 07:35 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টির মস্তিষ্কে ভারতের চেন্নাইয়ে দ্বিতীয় দফা অস্ত্রোপচার ‘সফলভাবে’ সম্পন্ন হয়েছে।

সেখানে তানিয়া বৃষ্টিকে দেখে এসে চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী রোববার এক ফেইসবুকে পোস্টে এ খবর জানিয়েছেন। 

তিনি বলেছেন, চিকিৎসার বিভিন্ন ধাপ পেরিয়ে এখন কিছুটা সুস্থতার পথে আছেন তানিয়া বৃষ্টি। 

অভিনেত্রী বৃষ্টি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার মস্তিষ্ক থেকে টিউমার অপসারণ করা হয়। 

সেই চিকিৎসার অংশ হিসেবে ভারতে তার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার হল বলে চয়নিকা চৌধুরী জানান।

তিনি লিখেছেন, "কখন যে কার জীবনে কী ঘটে যায় কেউ বলতে পারে না। চেন্নাইতে আছি অথচ আমার একজন পছন্দের মানুষ, অভিনয়শিল্পী তানিয়া বৃষ্টির সঙ্গে দেখা হবে না?"

চয়নিকা চৌধুরী জানিয়েছেন, চেন্নাইয়ের এমজিএম হাসপাতালের আইসিইউ থেকে সম্প্রতি কেবিনে নেওয়া হয়েছে তানিয়া বৃষ্টিকে।

ব্যস্ততার মধ্যেও প্রিয় এই অভিনয়শিল্পীর সঙ্গে দেখা করতে হাসপাতালে যান চয়নিকা। সেখানে প্রায় আধা ঘণ্টা সময় কাটান তিনি।

অভিনেত্রীকে দেখে আবেগাপ্লুত হয়ে তিনি লিখেছেন, “চোখে-মুখে হাসি, কিন্তু অনেক নরম হয়ে গেছে মেয়েটা। তবু তাকে খুব সুন্দর লাগছিল।”

তানিয়া বৃষ্টির দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে প্রার্থনাও করেছেন এই নির্মাতা।

এদিকে নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে ফেইসবুকে এক পোস্টে তানিয়া বৃষ্টি লিখেছেন, “অপারেশন + লাইফ সাপোর্ট + আইসিইউ = ১১ দিন।”

এই সময়ের ব্যস্ত অভিনেত্রীদের মধ্যে তানিয়া বৃষ্টি অন্যতম। নিয়মিত তিনি নাটকে অভিনয় করছেন।

২০১৫ সালে আকরাম খান পরিচালিত চলচ্চিত্র ‘ঘাসফুল’ দিয়ে বড় পর্দায় পা রাখেন তানিয়া বৃষ্টি। ২০১৯ সালে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘গোয়েন্দাগিরি’।

দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বৃষ্টি। রায়হান খানের পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমায় কাজের কথাও ছিল তার। এমন সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।