Published : 24 Jul 2026, 01:35 AM
জন্মবার্ষিকী ঘিরে সংগীতশিল্পী খুরশীদ আলমকে নিয়ে একটি বিশেষ সাক্ষাৎকারধর্মী প্রামাণ্যচিত্র নির্মাণ করা হয়েছে। প্রামাণ্যচিত্রটির নাম ‘হৃদয়ে কী সুর বাজে’।
তাতে উঠে এসেছে সংগীতশিল্পী খুরশীদ আলমের জীবন, কর্ম, সংগ্রাম, শিল্পভাবনা এবং সংগীতযাত্রার নানা জানা-অজানা অধ্যায়।
‘হৃদয়ে কী সুর বাজে’ নির্মাণ করেছেন শাইখ সিরাজ। চ্যানেল আই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ১ অগাস্ট খুরশীদ আলমের ৮১তম জন্মবার্ষিকী। সেদিন বিকেল ৫টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে প্রামাণ্যচিত্রটি।
অনুষ্ঠানটি নিয়ে খুরশীদ আলম গ্লিটজকে বলেন, "আমার সমসাময়িক অনেকেই তো নেই, সেই জায়গা থেকে নতুন আরেকটি জন্মদিন পাওয়া সেটা সৌভাগ্যের, ভালো লাগার।"
দর্শকদের 'হৃদয়ে কী সুর বাজে' দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, "প্রামাণ্যচিত্রটি সবাই দেখবেন, আমার শৈশব থেকে সংগীত জীবনের পুরো জার্নি নিয়ে তৈরি করা হয়েছে। গান নিয়ে গল্প করা হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।"
'হৃদয়ে কী সুর বাজে' অনুষ্ঠানে খোলামেলা আলাপচারিতায় খুরশীদ আলম স্মৃতিচারণা করেছেন তার শৈশব, সংগীতজীবনের সূচনা, বাংলাদেশের সংগীতের বিবর্তন, সমকালীন শিল্পচর্চা এবং আগামী প্রজন্মের শিল্পীদের প্রতি তার প্রত্যাশা।
একই সঙ্গে উঠে এসেছে তার কালজয়ী গানগুলোর পেছনের গল্প, সময় ও সমাজের সঙ্গে সংগীতের সম্পর্ক এবং একজন শিল্পীর দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতা।
এর আগে নায়করাজ রাজ্জাকের জীবন ও কর্ম নিয়ে ‘রাজাধিরাজ রাজ্জাক’, শিল্পী সাবিনা ইয়াসমীনকে নিয়ে ‘জুঁইফুল সাবিনা’, সৈয়দ আব্দুল হাদীকে নিয়ে ‘গল্প আছে এখানে’সহ বেশ কিছু প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন শাইখ সিরাজ। প্রামাণ্যচিত্রগুলোতে শিল্পীদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তিনি তুলে ধরার চেষ্টা করেছেন একজন শিল্পীর জীবনের পরিপূর্ণ জীবনগাথা, বলা না-বলা কথা।
ষাটের দশকের শুরুতে খুরশীদ আলম গাইতেন রবীন্দ্রসংগীত ও আধুনিক গান; এরপর ১৯৬৯ সালে মুক্তি পাওয়া বাবুল চৌধুরী পরিচালিত ‘আগন্তুক’ সিনেমায় প্রথম প্লেব্যাক তার, আর সেই থেকে শুরু।
প্রায় সাড়ে ৪০০ সিনেমায় গান করা খুরশীদ আলম এখনো গাইছেন। প্লেব্যাক না করলেও বিভিন্ন টেলিভিশন স্টেশনে গানের অনুষ্ঠানে পাওয়া যায় এই শিল্পীকে। পাশাপাশি একক বা দ্বৈত নতুন গানও গাইছেন তিনি।
‘চুরি করেছ আমার মনটা’, ‘বন্দী পাখির মত’, ‘চুমকি চলেছে একা পথে’, ‘পাখির বাসার মত দুইটি চোখ তোমার’ ‘অনন্ত প্রেম’,‘যদি বউ সাজো গো, আরও সুন্দর লাগবে গো’, ‘মাগো মা’ এমন বহু জনপ্রিয় গানের শিল্পী তিনি।
তার গাওয়া গানে পর্দায় ঠোঁট মিলিয়েছেন বাংলা সিনেমার নায়করাজ রাজ্জাক থেকে শুরু করে ওয়াসিম, জাভেদ, মাহমুদ কলি, আলমগীর, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, সোহেল রানা, বুলবুল আহম্মেদসহ প্রায় সব জনপ্রিয় নায়ক।