Published : 22 Jul 2026, 12:40 PM
ভারতীয় হিন্দি সিনেমার মহাতারকা অমিতাভ বচ্চনের একটি ব্লগ পোস্ট ঘিরে নতুন করে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার অনুরাগীরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছ, ব্লগে তিনি ইঙ্গিত দিয়েছেন, সম্প্রতি তার শরীরে অস্ত্রোপচার হয়েছে এবং কিছু সময় আইসিইউতেও থাকতে হয়েছিল তাকে।
৮৩ বছর বয়সি অমিতাভ লেখা শুরু করেছেন এভাবে, ‘জীবনের কঠিনতম অধ্যায়।‘
অমিতাভকে গত কয়েক সপ্তাহ আগেও তার বাসভবন ‘জলসার’ সামনে ভক্তদের দর্শন দিতে দেখা গেছে। আর মাসখানেক আগে কংগ্রেস সাংসদ সুপ্রিয়া সুলের মেয়ের বিয়েতেও দেখা যায় তাকে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কবে অসুস্থ হলেন অভিনেতা?
অমিতাভ বলেন, অস্ত্রোপচারের পর দক্ষ চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আইসিইউয়ে থাকার পর বাড়ি ফিরতে হয়। তবে ঘরের ফেরার পরবর্তী অধ্যায়টাই জীবনের সবচেয়ে কঠিন পর্যায় বলে মন্তব্য করেন তিনি।
“বিশেষ করে শারীরিক, মানসিক ভাবে বিধ্বস্ত! ধরুন, আপনি এক জন চ্যাম্পিয়ন। কিন্তু এক দিন যখন পরাজয় আপনার দিকে ধেয়ে আসে, সেটাই জীবনের সবচেয়ে কঠিন পর্যায়।”
যদিও তার কী অস্ত্রোপচার হয়েছে, সে কথা অমিতাভ ভাঙেননি। তবে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে তিনি দৃঢ়প্রতিজ্ঞ। জীবনে বিপর্যয়ের মুখোমুখি হয়েও কীভাবে ফিরে আসা যায় সে প্রসঙ্গে তিনি বলেন, “কেউ সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন, কেউ আবার ভেঙে প়ড়েন। যারা সেটা পারেন না তারা আপস করেন।’’
অনেকেই জানতে চেয়েছেন তিনি এখন কেমন আছেন। তবে এ বিষয়ে অভিনেতার পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
অমিতাভ তাঁর ব্লগে বিভিন্ন সময় বিভিন্ন ধরেন স্মৃতি রোমন্থন করেন। কখনও কখনও নিজের নিরাপত্তাহীনতা নিয়ে কথা বলেছেন। কখনও নিজের কর্মব্যস্ত জীবন নিয়ে।
বহু বছর আগে ‘কুলি’ সিনেমার শুটিংয়ে মারাত্মক আহত হন অমিতাভ। প্রায় জীবন নিয়ে টানাটানি চলে সেই সময়। ওই ঘটনার পর থেকে জীবনধারায় আমূল পরিবর্তন আনেন অভিনেতা। খাদ্যাভাসও পুরোপুরি পাল্টে ফেলতে হয়।
এর পর বছরখানের আগে সিনেমার শুটিং ফ্লোরে গুরুতর আহত হন বিগ বি খ্যাত এই অভিনেতা।
পায়ের উপরে ভারি বস্তু পরে রক্তারক্তি কাণ্ড ঘটে। ক্ষতস্থানে সেলাই পড়ে বেশ কয়েকটি। সেবারও হাসপাতাল ও বাড়ি মিলিয়ে মাসখানেক বিশ্রামে ছিলেন তিনি।
অমিতাভকে আগামী দিনে দেখা যাবে ‘কল্কি ২৮২৮ এডি’ সিনেমার সিক্যুয়েলে। এই সিনেমায় তার সঙ্গে রয়েছেন প্রভাস এবং কমল হাসান। এই সিনেমার প্রথম পর্বে অশ্বত্থামা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন অমিতাভ।