১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অভিনয় শিল্পী সংঘের সম্মাননা পেলেন রোজিনা-মিমি-জয়া

সাভারের লাজপল্লীতে দিনব্যাপী ‘বৈশাখী উৎসব’পালন করে অভিনয় শিল্পী সংঘের শিল্পীরা।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2024, 04:19 PM

Updated : 21 Apr 2024, 08:54 PM

বর্তমানে দুই বাংলায় তুমুল জনপ্রিয় জয়া আহসান। তবে তার অভিনয়ের শেকড় এদেশের মাটিতেই।

অভিনয় শিল্পী সংঘের সম্মাননা স্মারক হাতে নিয়ে সেজন্য কৃতজ্ঞতা ঝরল গুণী এই অভিনেত্রীর কণ্ঠে।

শনিবার সাভারের লাজপল্লীতে এই সম্মাননা দেয় টিভি নাটকের শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’।

মূলত ২০২২ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীদেরকে এই সম্মাননা দেওয়া হয়। জয়ার সঙ্গে সম্মাননা পেয়েছেন চিত্রনায়িকা রোজিনা, আফসানা মিমি, নাসির উদ্দিন খান, এস এ হক অলিক, শুভাশিস ভৌমিকসহ মোট ১০ জন।

জয়ার ভাষ্য ‘অভিনয় শিল্পী সংঘ’ তার কাছে পরিবারের মত।

তিনি বলেন, “আমার মনে পড়ে দেশে করা আমার ধারাবাহিক নাটকগুলোর কথা। এই মাটিতেই আমার বেড়ে উঠা। অভিনয়ের ডালপালা হয়ত ওদিকে (ভারত) গেছে, কিন্তু আমি তৈরি হয়েছি এখানে, ধীরে ধীরে অভিনয়ের বেড়ে উঠা যেটাকে বলে।

“বাংলাদেশই আমার অভিনয়ের সবচেয়ে বড় জায়গা। আমি অভিনয় শিল্পী সংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে সম্মানিত করার জন্য।”

সম্মাননা স্মারক হাতে নিয়ে নাসির উদ্দিন খান বলেন, “যেকোনো পুরস্কার-সম্মাননা কাজের প্রাপ্তির আনন্দ বাড়িয়ে দেয়। আর নিজেদের মানুষের কাছ থেকে পাওয়া পুরস্কারের আবেগ অন্যরকম।”

সেসময় উপস্থিত সবার অনুরোধে চট্টগ্রামের স্থানীয় ভাষায় ‘বাড়ির কাছে বাড়ি নাই’ গান ধরেন নাসির উদ্দিন খান।

অভিনেতা আফজাল হোসেনের হাত থেকে সম্মাননা নেন অভিনেত্রী আফসানা মিমি।

এই অভিনেত্রী বলেন, “এই পরিবারটা আমার খুব ভালোবাসার। আফজাল ভাইয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করছি, এটা খুব সম্মানের। সকলের কাছ থেকে এই ভালোবাসা সারাজীবন পেতে চাই।” 

অনেকে দেশের বাইরে থাকায় সম্মাননা গ্রহণ করতে পারেননি। 

সাভারের লাজপল্লীতে এদিন ‘বৈশাখী উৎসব’ উদযাপন করে অভিনয় শিল্পী সংঘ। পাশাপাশি সাধারণ সভাও হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন আবুল হায়াত, খায়রুল আলম সবুজ, আফজাল হোসেন, আমিরুল হক চৌধুরী, এজাজুল ইসলাম, ফারুক আহমেদ, জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, নাজনীন চুমকি, তানভীন সুইটি, দীপা খন্দকারসহ অনেকে।