২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে ২ নির্মাণ শ্রমিক নিহত, আহত ১১

পেছন থেকে একটি ডাম্প ট্রাক ধাক্কা দিলে পিকআপ উল্টে মিক্সার মেশিনের নিচে চাপা পড়েন কয়েকজন শ্রমিক।

ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে ২ নির্মাণ শ্রমিক নিহত, আহত ১১
শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি কাউন্সিলরের বাড়ির সামনে ড্রাম্প ট্রাকের ধাক্কায় উল্টে যায় পিকআপ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2024, 09:57 AM

Updated : 10 Sep 2026, 02:57 PM

গাজীপুরের শ্রীপুরে ডাম্প ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ শ্রমিক।

শনিবার ভোর সাড়ে ৪টার দিকে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কের ভাংনাহাটি কাউন্সিলরের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর থানার এসআই মো. কুদ্দুস। 

নিহতরা হলেন, সুনামগঞ্জে আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫), আব্দুর রাজ্জাকে মেয়ের স্বামী আবু সুফিয়ান (২৫)।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ জানান, ঢালাইয়ের কাজ করার জন্য ১৩ জন শ্রমিক পিকআপে মিক্সার মেশিন নিয়ে শ্রীপুর থেকে মাওনার আনসার রোড এলাকায় যাচ্ছিলেন। 

পথে শনিবার ভোরে তারা ঘটনাস্থলে পোঁছালে পেছন থেকে একটি ডাম্প ট্রাক পিকআপে ধাক্কা দেয়। এতে পিকআপ উল্টে মিক্সার মেশিনের নিচে চাপা পড়েন কয়েকজন শ্রমিক। 

ঘটনাস্থলেই মারা যান রাসেল মিয়া। আহত ১২ জনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক আবু সুফিয়ানকেও মৃত ঘোষণা করেন। অন্যরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এসআই মো. কুদ্দুস জানান, এ ঘটনায় ডাম্প ট্রাকটি আটক করা গেলে চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।