২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লাকী আখান্দের সুরে ‘ভবের নদী’ গাইলেন বাপ্পা

‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে’ প্রকাশ হয়েছে গানটি।

লাকী আখান্দের সুরে ‘ভবের নদী’ গাইলেন বাপ্পা
'ভবের নদী’ গানের শিল্পী বাপ্পা মজুমদার ও সাঈদা শম্পা

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2024, 09:47 AM

Updated : 10 Sep 2026, 12:25 PM

প্রয়াত সুরকার ও সংগীত শিল্পী লাকী আখান্দ বেশ কিছু গান সুর করে রেখে গেছেন। সেগুলোর মধ্যে একটি গান গাইলেন গায়ক ও সুরকার বাপ্পা মজুমদার। 

‘ভবের নদী’ শিরোনামের গানটির কথা লিখেছেন গোলাম মোর্শেদ। সংগীত আয়োজন করেছেন বাপ্পা। গানে বাপ্পার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সাঈদা শম্পা।  

‘গান জানালা’ ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।  

গানটি নিয়ে বাপ্পা মজুমদার বলেন, “লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। খুব ভালো লাগছে তার সুরে গানটির সংগীতায়োজন করতে পেরে। গীতিকার মোর্শেদ ভাইকে ধন্যবাদ গানটি আমাকে গাইতে দেওয়ার জন্য।"   

গোলাম মোর্শেদ বলেন, “লাকী ভাই গানটি অনেক আগেই সুর করে দিয়েছিলেন। বাপ্পা মজুমদারকে নিয়ে নতুন একটি গান করার পরিকল্পনা করছিলাম। 

“গানটি শোনার পর বাপ্পার খুব পছন্দ হয়। সুরের সঙ্গে দারুণ কম্পোজিশন করেছেন। এরপর তার সঙ্গে যুক্ত হয় শম্পা। দুজনেই ভালো গেয়েছেন।"  

এদিকে গজল ঘরানার বাংলা গান নিয়ে ‘অনুভব’ শিরোনামে নতুন অ্যালবামের কাজ করছেন বাপ্পা। ওই অ্যালবামের গানের সংখ্যা থাকবে আটটি। সেগুলোর মধ্যে কেবল ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’ শিরোনামের দুটি গান প্রকাশ হয়েছে।   

এছাড়াও গত কয়েক মাসে ‘শহরের চোখ’, 'এক কাপ চা’ সহ একের পর এক গান প্রকাশ করে ব্যস্ত সময় পার করছেন এই শিল্পী। 

গত এপ্রিলে প্রকাশ্যে এসেছে দলছুট ব্যান্ডের ‘সঞ্জীব’ অ্যালবাম। এই ব্যান্ডের যার হাত ধরে গড়ে ওঠা সেই প্রয়াত শিল্পী সঞ্জীব চৌধুরীকে উৎসর্গ করে অ্যালবামের নাম রাখা হয়েছে।

‘তুমি যাও’, ‘প্রবঞ্চনা’, ‘গানের শুরুটা’, ‘তুমি আছো নাকি’, ‘মন কারিগর’, ‘শূন্য লাগে’, ‘দুটো মানুষ’, ‘মন দাবাড়ু’, ‘তার ছায়ায়’, ‘মেঘ জমেছে’ ও ‘সঞ্জীব চৌধুরী’ শিরোনামের গানগুলো রয়েছে ‘সঞ্জীব’ অ্যালবামে।

আরও পড়ুন: 

গজল ঘরানার গান নিয়ে বাপ্পার 'অনুভব'

বাপ্পা মজুমদার গাইলেন 'শহরের চোখ'

বাপ্পা মজুমদারের 'এক কাপ চা'

প্রকাশ্যে দলছুটের নতুন অ্যালবাম 'সঞ্জীব', রয়েছে কনসার্টের পরিকল্পনা