Published : 12 Dec 2023, 11:04 PM
কারগিল যুদ্ধ অবলম্বনে নির্মিত সাড়া ফেলা সিনেমা ‘এলওসি: কারগিল’ মুক্তির দুই দশক পূর্তিতে সোশাল মিডিয়ায় পোস্ট দিয়ে স্মৃতিচারণ করলেন সিনেমার গুরুত্বপূর্ণ দুই চরিত্রের অভিনেতা অভিষেক বচ্চন ও অজয় দেবগন।
মঙ্গলবার এক্স হ্যান্ডেলে অভিষেক লিখেছেন, “সময় কত দ্রুত পেরিয়ে যায়। ভাবতেই পারছি না ‘লওসি: কার্গিল’ মুক্তি পাওয়ার পর বিশ বছর কেটে গেল। অনেক বন্ধুর সঙ্গে এই সিনেমা বানানোর স্মৃতি এখনও অমলিন।
“সবচেয়ে বড় থেকেও বড় কথা এবং সম্মানের যে, আমাদের দেশের হিরো, সেনাদের গল্প আমরা এভাবে পর্দায় ফুটিয়ে তুলতে পেরেছিলাম। ধন্যবাদ জেপি সাহেব আমায় এই সিনেমায় কাজ করার সুযোগ দেওয়ার জন্য।”
অজয় দেবগনও সিনেমার একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, “‘এলওসি: কারগিল’ সিনেমার ২০ বছর! যে যুদ্ধগুলো ঘটেছে, সেগুলোর স্মৃতি এই ক্ষতগুলো মনে করিয়ে দেয়। দারুণ একটা সফর ছিল। দারুণ সব স্মৃতি, অনেক বন্ধু হয়েছিল এই সিনেমা করতে গিয়ে।”
২০০৩ সালের ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছিল ‘এলওসি: কারগিল’। জেপি দত্ত পরিচালিত এই সিনেমায় কারগিল যুদ্ধের ভয়াবহতা এবং জয়ের কাহিনী উঠে এসেছিল।
অভিষেক, অজয় ছাড়াও এ সিনেমায় অভিনয় করেন সাইফ আলি খান, অক্ষয় খান্না, কারিনা কাপুর খান, রানি মুখার্জি, এষা দেওল ও সঞ্জয় দত্ত।