শাহরুখের জওয়ানে ‘গল্প চুরির’ অভিযোগ
তামিল প্রযোজক মণিকম নারায়ণনের অভিযোগ, ২০০৬ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘পেরারসুর’ গল্প নকল করা হয়েছে ‘জওয়ানে’।
শাহরুখ খানের নতুন সিনেমা ‘জওয়ান’ এ গল্প চুরির অভিযোগ এনেছেন তামিল প্রযোজক মণিকম নারায়ণন।
তার দাবি, ২০০৬ সালে মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘পেরারসুর’ গল্প নকল করা হয়েছে জওয়ানে। আর ওই সিনেমার চিত্রনাট্যের স্বত্ব শুধুই তার।
হিন্দুস্থান টাইমস জানিয়েছে, মণিকম নারায়ণন ইতোমধ্যে তামিল ফিল্ম প্রডিউসার কাউন্সিলে (টিএফপিসি) জওয়ানের পরিচালক অ্যাটলি কুমারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। টিএফপিসি আগামী ৭ নভেম্বর এ বিষয়ে তদন্ত শুরু করবে।
আগামী বছরের ২ জুন মুক্তি পেতে যাওয়া জওয়ানের শুটিং চলছে। জুন মাসে এ সিনেমার টিজার প্রকাশ করে নতুন ‘লুকে’ দর্শকদের চমকে দেন কিং খান। ১ মিনিট ৩০ সেকেন্ডের টিজারে শাহরুখকে ভিন্ন রূপে দেখা যায়। সারা মুখে ব্যান্ডেজে মোড়া শাহরুখকে দেখে বোঝা যায়, এটি অ্যাকশনধর্মী সিনেমা।
'জওয়ান' প্রযোজনা করছেন শাহরুখের স্ত্রী গৌরি খান।আর শাহরুখের বিপরীতে দেখা যাবে দক্ষিণী তারকা নয়নতারাকে। আরও আছেন বিজয় সেতুপতি, যোগীবাবু ও প্রিয়মনিকে। এ সিনেমার মাধ্যমেই দক্ষিণী পরিচালক অ্যাটলির অভিষেক হচ্ছে বলিউডে।
তামিল সিনেমা পেরারসুরে অভিনেতা বিজয়কান্ত দ্বৈত চরিত্রে অভিনয় করেন। একই সঙ্গে যমজ ভাই পেরারাসু ও ইলাভারাসুরের চরিত্রে তাকে দেখা যায়। দুই ভাইয়ের একজন সিবিআই কর্মকর্তা এবং অন্যজন বাবার খুনের প্রতিশোধ নিতে মরিয়া।
জওয়ান সিনেমায় শাহরুখ খানও দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন- এমন গুঞ্জন উড়লেও নির্মার্তা এখনও বিষয়টি নিশ্চিত করেননি। জওয়ানের গল্প নিয়েও তেমন কিছু জানা যায়নি।
শাহরুখ বলেছিলেন, জওয়ানের গল্প সার্বজনীন, যা সব ভাষা এবং ভৌগলিক সীমাকে ছিন্ন করে এগিয়ে যায়। তার প্রত্যাশা, সবাই উপভোগও করবেন এই সিনেমাটি।
তবে অ্যাটলির বিরুদ্ধে গল্প ‘চুরির’ অভিযোগ নতুন নয়। তার প্রথম সিনেমা ‘রাজা রানি’ মণিরত্মমের ‘মৌনা রাগম’ সিনেমার কপি বলে গুঞ্জন ছিল।
এছাড়া তার আরও দুটো সিনেমা অন্য ছবির কপি বলে কানাঘুঁষো চলে। এছাড়া তার সর্বশেষ সিনেমা ‘বিগিল’ এর ক্ষেত্রেও একই অভিযোগ ওঠে।
হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় ‘জওয়ান’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
