১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রহস্যের জট খুলতে ঈদে ফিরছেন ‘অ্যালেন স্বপন’

আগের সিরিজটি যেখানে শেষ হয়েছিল, সেখান থেকে শুরু এবারেরটি।

রহস্যের জট খুলতে ঈদে ফিরছেন ‘অ্যালেন স্বপন’
'মাইশেলফ অ্যালেন স্বপন ২' ওয়েব সিরিজে নাসির উদ্দিন খান , ছবি: চরকির সৌজন্যে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2025, 03:17 PM

Updated : 26 Aug 2026, 12:02 PM

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজটি শেষ হয়েছিল ‘মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন’ সংলাপ দিয়ে। শেষ দৃশ্যে মুখ ঢাকা এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন স্বপন, যার পরিচয় জানা যায়নি। রহস্যের সেই জট খুলতে সিরিজের দ্বিতীয় পর্ব আসছে এবারের রোজার ঈদে। 

চরকি জানিয়েছে নাসির উদ্দিন খান অভিনীত সিরিজটি যে সংলাপ দিয়ে শেষ হয়েছিল, সেখান থেকেই এবারের গল্প শুরু হবে।

ওটিটির এই প্ল্যাটফর্মটি তাদের ফেইসবুক পেইজে সিরিজটির মুক্তির অ্যানাউন্সমেন্ট ভিডিও পোস্ট করেছে। যেখানে দেখা গেছে, ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক টাকার মধ্যে দাঁড়িয়ে আছেন অ্যালেন স্বপন। মুখে তার হাসি আর পরনে সাফারি।  

ভিডিওতে চট্টগ্রামের ভাষায় একজনকে বলতে শোনা যায়, ‘আমার চারশো কোটি টাকা কোথায়’?

উত্তরে নাসির উদ্দিন বলেন, "আপনাদের কারণে বাইরে আসতেই হল আমার। মাইশেলফ শামসুর রহমান স্বপন, ওরফে অ্যালেন স্বপন।”

ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে,"বদ্দা ইজ ব্যাক! ঈদের সালামি ৪০০ কোটি টাকা!"  

চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে স্বপন কীভাবে হয়ে ওঠেন মানি লন্ডারিংয়ের মূল হোতা, সেই গল্প নিয়ে তৈরি হয়েছিল ‘মাইশেলফ অ্যালেন স্বপন’ সিরিজের প্রথম সিজন।

সিরিজে ৪০০ কোটি টাকার রহস্য এখনও অধরা। এত পরিমাণ টাকা কার এবং কোথায় লুকানো আছে, সেটিই দেখা যাবে এই সিজনে। 

নতুন সিজনে বাড়তে পারে স্বপনের কাজের পরিসর; বদলাতে পারে কাজের ধরনও।

নতুন সিজন নিয়ে অভিনেতা নাসিরের ভাষ্য, “অ্যালেন স্বপন চরিত্রটা অনেকেরই দেখা। তারা জানেন এটা একটা মন্দ চরিত্র। নতুন সিজনে চরিত্রটি আরও ভয়ংকর রূপে হাজির হতে যাচ্ছে। আর চরিত্রটির যে স্বভাব তার ধারাবাহিকতা থাকবে নতুন সিজনেও। সব মিলিয়ে চরিত্রটির নতুন আঙ্গিকে আরও বড় পরিসরে আসছে দর্শকদের সামনে।”

'মাইশেলফ অ্যালেন স্বপন ২' ওয়েব সিরিজে নাসির উদ্দিন খান, ছবি: চরকির সৌজন্যে।

'মাইশেলফ অ্যালেন স্বপন ২' ওয়েব সিরিজে নাসির উদ্দিন খান,

চরকির ‘সিন্ডিকেট’ সিরিজের একদম শেষভাগে সবার সামনে আসেন অ্যালেন স্বপন। ‘সিন্ডিকেট’ থেকে নির্মিত হয় স্পিনঅফ সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। দুটি সিরিজই নির্মাণ করেন শিহাব শাহীন। তিনিই নির্মাণ করছেন অ্যালেন স্বপনের দ্বিতীয় সিজনটি।

নির্মাতা শিহাব শাহীন বলেন, “মাইশেলফ অ্যালেন স্বপন ২ নির্মাণের অভিজ্ঞতা সত্যিই চ্যালেঞ্জিং। কিন্তু সেই চ্যালেঞ্জগুলোই আমাকে নতুনভাবে অনেককিছু ভাবতে শিখিয়েছে। প্রথম সিজনের সফলতার পর, দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের নানা রকম প্রত্যাশা থাকে। আশা করছি নিরাশ হবেন না।"  

গল্প নিয়ে নির্মাতা বলেন, "এবারও খুবই প্রাসঙ্গিকভাবে গল্প ও চরিত্র এগিয়েছে। সবকিছুর পরিসর আরও বড় হয়েছে। যখন গল্প লিখি তখন চরিত্রগুলোর মধ্যে সম্পর্কের জটিলতা এবং নাটকীয়তা রাখা ছিল কঠিন, একইসঙ্গে আনন্দদায়ক।"

প্রথম সিজনের রাফিয়াত রশিদ মিথিলা, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা অভিনয় করেছেন দ্বিতীয় সিজনেও। আছেন নতুন অভিনয়শিল্পীও। তাদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে চরকি।