বাতাসা বানাবেন চঞ্চল
‘বাতাসা’ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
বৃন্দাবন দাসের চিত্রনাট্যে সম্প্রতি টিভি নাটক ‘বাতাসা’ নির্মাণ করেছেন বিপ্লব পাল। নাটকটির মূল চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।
এ বিষয়ে চঞ্চল গ্লিটজকে বলেন, “বৃন্দাবন দাসের সব গল্পই অসাধারণ। বাতাসা নাটকের কাহিনি খুবই সমসাময়িক এবং মনে দাগ কাটার মতো।”
নাট্যকার বৃন্দাবন দাস বলেন, “সব ধর্মের মানুষের এই বাংলাদেশে কীভাবে গুজবের মাধ্যমে ধর্মীয় উন্মাদনা ছড়ানো হয়, বাতাসা নাটকে তাই দেখানো হয়েছে।”
পরিচালক বিপ্লব পাল বলেন, “নাটকে চঞ্চল চৌধুরী ও মাসুদ রানা মিঠু বাতাসা তৈরির কারিগর। চঞ্চলের সঙ্গে মিঠুর জমিজমা নিয়ে সমস্যা সৃষ্টি হয়। চঞ্চলের সম্পত্তি দখলের উদ্দেশ্যে চক্রান্ত শুরু করে মিঠু। তার সঙ্গে হাত মেলায় গোলাম হাবিবুর রহমান মধু। মধু আশপাশের গ্রাম ও বাজারে ছড়াতে থাকে, চঞ্চল হিন্দু, কোনো হিন্দুর হাতে তৈরি খাবার গ্রহণ হারাম বা পাপ কাজ।”
বিপ্লব আরও জানান, নাটকে শাহনাজ খুশিকে দেখা যাবে এক হিন্দু নারীর চরিত্রে। এতে আরও অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও সমাপ্তি মাসুক।
