‘সময়’ এর ‘শেষ সংলাপ’
নাট্যতীর্থ আয়োজিত ‘পঞ্চদশের পঞ্চদিন’ শীর্ষক পাঁচ দিনের নাট্যোৎসবে ১৬ জুন, রোববার সন্ধ্যায় মঞ্চায়িত হতে যাচ্ছে নাটকের দল সময়-এর ‘শেষ সংলাপ’।
মিশরের নাট্যকার তাওফিক-আল-হাকিমের ‘সুলতানুজ জান্নাম’ অবলম্বনে ‘শেষ সংলাপ’ নাটকটি যৌথভাবে অনুবাদ করেছেন সৈয়দ জামিল আহমেদ ও ম. সাইফুল আলম চৌধুরী এবং নির্দেশনা দিয়েছেন আকতারুজ্জামান।
নাটকটির কেন্দ্রীয় চরিত্র রূপদানকারী শিল্পী পাভেল ইসলাম গ্লিটজকে বলেন, “মিসরের এক সুলতান উত্তরাধিকারী হিসেবে তাঁর পালিত পুত্র এক ক্রীতদাস সেনাধ্যক্ষকে মনোনীত করেন। কিন্তু দুর্ভাগ্যবশত মৃত্যুকালে তিনি তার মসনদের উত্তরাধিকারী সুলতানকে দাসত্ব থেকে মুক্তি দিয়ে যেতে পারেননি। পরবর্তীতে সুলতানের উত্তরাধিকারীত্বের বৈধতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দেয় এবং জটিলতার সৃষ্টি হয়। এই সমস্যা নিয়েই নাটক ‘শেষ সংলাপ’।”
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- পাভেল ইসলাম, রুমা, আকতারুজ্জামান, রিয়াজ মাহমুদ জুয়েল, তোফায়েল সরকার, ফখরুল ইসলাম মিঠু, মানসুরা রশীদ লাভলী, আনোয়ার, টিপু, মাসুম, দাউদ, সানি, রিংকু, মৌসুমী, সোনিয়া, পৃথিবী প্রমুখ।
সময়ের ২৯তম প্রযোজনা ‘শেষ সংলাপ’ নাটকের পোস্টার ডিজাইন করেছেন শিল্পী ঢালী আল মামুন, মঞ্চ পরিকল্পনায় ফয়েজ জহির, সঙ্গীত পরিকল্পনায় কমল খালিদ, পোষাক পরিকল্পনায় আমিনুর রহমান মুকুল এবং আলোক পরিকল্পনা করেছেন আলমগীর হোসেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নাট্যশালায় নাট্যোৎসব ‘পঞ্চদশের পঞ্চদিন’ শুরু হয়েছে ১৩ জুন থেকে। নাট্যোৎসবে অংশহগ্রহণকারীরা প্রত্যেকেই তাদের প্রযোজনার ৫০তম প্রদর্শনী করছে।
