২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারিনের বাবার ভূমিকায় হাসান ইমাম

বাবা দিবস উপলক্ষে নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী তৈরি করেছেন নাটক ‘বাবা’। এতে বর্ষিয়ান অভিনেতা হাসান ইমাম অভিনেত্রী তারিনের বাবার ভূমিকায় অভিনয় করেছেন। এতে আরও অভিনয় করেছেন অপূর্ব, পাভেল ইসলাম প্রমুখ। নাটকটি লিখেছেন রুম্মান রশীদ খান।

রাশেদ শাওন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 02:42 PM

Updated : 25 Apr 2022, 06:52 PM

এ বিষয়ে চয়নিকা গ্লিটজকে বলেন, “বেশ কিছুদিন আগে নাটকটি তৈরি করেছি। আন্তর্জাতিক বাবা দিবসে এসএ টিভিতে প্রচারের জন্য এটি তৈরি করেছি। এতে একজন নিঃসঙ্গ বাবার দিনযাপনকে তুলে ধরা হয়েছে।”

তিনি আরও বলেন, “এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের পাশাপাশি নাটকে ব্যবহৃত একটি গানে কণ্ঠ দিয়েছেন হাসান ইমাম। তিনি ‘না না না যাব না, মন যেতে নাহি চায়/এই সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়’ রবীন্দ্রসংগীতটি গেয়েছেন।”

এদিকে নাটকের গল্প প্রসঙ্গে রুম্মান বলেন, “নাটকটিতে তারিনের বাবাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দেখানো হয়েছে। মেয়ে তারিনের বিয়ের পর সম্পূর্ণ একা হয়ে যান তিনি। তাঁর দুই ছেলে বিদেশে থাকে। বাবার খোঁজখবরও ঠিকভাবে নেয় না। তবে বাবা-অন্তপ্রাণ একমাত্র মেয়ে তারিন বিয়ের পরও বাবাকে প্রিয় বন্ধু বলেই জানে। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে ‘বাবা’ নাটকের গল্প এগোতে থাকে।”

নাটকটি ১৬ জুন রাত নয়টায় এসএ টিভিতে প্রচারিত হবে।