ভক্তদের প্রতি সালমানের কৃতজ্ঞতা
২০০২ সালে মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় পাঁচ বছরের জেল হওয়ার পর এখন জামিনে মুক্ত আছেন ভারতীয় অভিনেতা সালমান খান। এই সময়ে তার পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানালেন 'দাবাং' খান।
৬ মে ১৩ বছর ধরে চলতে থাকা এ মামলায় সালমানকে দোষী সাব্যস্ত করে রায় দেয় মুম্বাইয়ের এক নিম্ন আদালত। এরপরই বলিউডের সবচেয়ে দামী এ তারকারে ভক্ত মহলে নেমে আসে শোকের ছায়া। সালমানের বাড়ির বাইরেই কেবল নয়, আদালত প্রাঙ্গণেও দেখা গেছে উপচে পড়া ভিড়। এমনকি হাইকোর্টের বাইরে এক ভক্ত আত্মহত্যারও চেষ্টা করেন।
রায় ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই হাইকোর্টে আপিল করেন সালমান। দুদিনের জামিনে বাড়ি ফেরেন তিনি। ৮ মে মামলার রায় এক মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
আদালত থেকে ফিরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান সালমান। তিনি টুইট করেন, "যারা আমার জন্য প্রার্থনা করেছেন এবং আমাকে সমর্থন দিয়েছেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ। মেহেরবানি শুকরিয়া।"
মুহূর্তের মধ্যেই টুইটটি ভাইরাল হয়ে যায়। কয়েক ঘণ্টার ব্যবধানে সালমানের এই পোস্ট রিটুইট (পুনরায় পোস্ট করা) করা হয় ১২ হাজার ৬৭৫ বার এবং এটি পছন্দের তালিকায় (ফেভারিট) রাখেন ২১ হাজার টুইটার ব্যবহারকারী।
