সোনামের বাড়িতে চুরি
অভিনেত্রী সোনাম কাপুরের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। লাখ রুপি মূল্যের একটি হীরার হার চুরির পর মামলা করেছেন তিনি।
ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, এক অলংকার নির্মাতা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে কাজ করার জন্য মডেল হিসেবে এই হার দেওয়া হয় সোনামকে। চুরি হবার আগের দিন রাতে এক পার্টিতে হারটি পড়েছিলেন তিনি।
ঘটনাটি ঘটে ৪ঠা ফেব্রুয়ারির। মুম্বাইয়ের জুহু পুলিশ জানায়, নিজের বাংলো থেকে হীরার হার খোয়া যাবার পর মামলা করেন সোনাম।
পুলিশ বলছে, ৪ঠা ফেব্রুয়ারি রাতে মুম্বাইয়ের ব্যান্ড্রা এলাকায় এক পার্টিতে হারটি পড়ে গিয়েছিলেন সোনাম। সেদিন রাত দুটোর দিকে পার্টি থেকে এসে হারটি খুলে নিজের ঘরেই এক ড্রয়ারে রেখেছিলেন তিনি। পরদিন সকালে তা আর পাওয়া যায়নি।
সোনামের দেওয়া তথ্য অনুসারে, সেই অলঙ্কার প্রতিষ্ঠান থেকে কোটি টাকা মূল্যের মোট ছয় বাক্স অলংকার দেওয়া হয়েছিল তাকে, এর মধ্যে ছিল সেই হারটিও। পরদিন সকালে যখন অলংকারগুলো নিতে আসে কোম্পানি কর্তৃপক্ষ, তখন দেখা যায় হারটি নেই।
পুলিশ জানায়, হারটির মূল্য প্রায় ৫ লাখ রূপি।
তদন্তের শুরুতে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে সোনামের বাড়িতে কর্মরত সব ধরনের ব্যক্তিকে। তবে জানা গেছে, সেদিন রাতে বাড়ি থেকে বের হয়নি কোনো গৃহকর্মী।
এছাড়া একজন পুলিশ কর্মকর্তা বলেন, "আমরা সব দিক থেকেই তদন্ত করছি। আমরা এটাও দেখছি যে সেদিন রাতে পার্টিতে সোনাম ভুল করে হারটি ফেলে এসেছেন কী না।"
সেদিনের পার্টির সিসিটিভি ফুটেজ এখন দেখছে পুলিশ।
