Published : 18 May 2016, 03:51 PM
গত ডিসেম্বরে সালমান পা দিয়েছেন পঞ্চাশে, তখন থেকেই শোনা যাচ্ছে এই বছরের মধ্যেই সংসারী হবেন ভারতের এই সুযোগ্য পাত্র। জি মিডিয়া ব্যুরো বলছে, এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে বলিউডের সবচেয়ে জমকালো বিয়ের তারিখ।
গসিপ ওয়েবসাইট স্পটবয়ে প্রথম চাউর হয় খবরটি। বলা হয়, খান পরিবারের বড় ছেলে সালমানের বিয়ের তারিখ ঠিক করেছেন তার বাবা-মা। দিনটির রয়েছে একটি আলাদা বিশেষত্ব, সেদিনই ৫১তম বছরে পা দিবেন সালমান।
অর্থাৎ তার বিয়েটা হবে এ বছরের ২৭ ডিসেম্বর।
এই খবরের সত্যতা কতখানি, তা এখনও জানা যায়নি। তবে যদি এমনটাই হয়, তাহলে সালমানের পরিবার-বন্ধুবান্ধবদের পাশাপাশি ভক্তদের জন্যেও এবারের জন্মদিনটি হবে দ্বিগুণ খুশির দিন।
আর পাত্রী? তা তো ঠিক করাই আছে। দীর্ঘদিন নানা ভারতীয় সুন্দরীর সঙ্গে প্রেম করে শেষমেশ এই সুপারস্টার তার ‘সুপার ওয়াইফ’ হিসেবে বেছে নিয়েছেন সুদূর রোমানিয়া থেকে আসা অভিনেত্রী লুলিয়া ভেন্টুরকে।
যদিও এখন পর্যন্ত লুলিয়াকে নিজের বন্ধু বলেই দাবী করছেন সালমান। তবে প্রিতি জিনটার বিয়েতে দুজন একসঙ্গে অংশ নেওয়ার পর গুঞ্জনকারীদের আর কিছু বুঝতে বাকি নেই।