১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বৈরি আবহাওয়া: বান্দরবানে ১০ জুলাই পর্যন্ত সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

বান্দরবান থেকে রুমা ও থানচি সড়কের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 12:03 AM

Updated : 11 Sep 2026, 03:36 PM

কয়েক দিন টানা বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হওয়ায়

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। 

সোমবার রাতে জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বান্দরবান পার্বত্য জেলায় অব্যাহত ভারি বর্ষণের কারণে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থায় ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। বিদ্যমান পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জেলার সব পর্যটনকেন্দ্র ১০ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ সময়ে পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

এদিকে বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন বলেন, বান্দরবান থেকে কক্সবাজার ও চট্টগ্রাম সড়কের রেইচা এলাকায় বিদ্যুতের ৩৩ লাইন কেভির একটি খুঁটি পড়ে যাওয়ায় সোমবার বিকাল থেকে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

শুধু অটোরিকশা ও ছোট গাড়ি চলাচল করতে পারছে। বিদ্যুৎ লাইন সচল করার জন্য বিদ্যুৎ বিভাগের তিনটি দল কাজ করছে বলে জানান প্রকৌশলী। 

এ ছাড়া বান্দরবান থেকে রুমা ও থানচি সড়কের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।

টানা ভারি বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কায় নিরাপদ জায়গায় আশ্রয় নিতে মাইকিং করেছে সাত উপজেলার প্রশাসন।