১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দীপ্ত টিভিতে নতুন ধারাবাহিক ‘দেনা পাওনা’

পরিবার, প্রেম, আত্মসম্মান– সবকিছু সামলাতে গিয়ে অন্য এক লড়াইয়ে নামতে হয় পারমিতাকে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2024, 07:24 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে ‘অনুপ্রেরণা নিয়ে শুরু হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’। 

এক ঝাঁক অভিনয়শিল্পীকে নিয়ে নাটকটি নির্মাণ করেছেন গোলাম মুক্তাদির। আগামী ১৮ মে শনিবার থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত সাড়ে ১০টায় দীপ্ত টিভিতে প্রচারিত হবে নাটকটি।

দীপ্ত টিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল এবং ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতেও নাটকটি দেখা যাবে।

দেনা পাওনার গল্পে দেখা যাবে, উচ্চশিক্ষিত ইরফান ও পারমিতা দুজনেই চায়, তাদের প্রেম পরিণতি পাক। বিয়ে করে আজীবন একসঙ্গে থাকার স্বপ্ন দেখে তারা। 

কিন্তু, দুই পরিবারের আর্থসামাজিক দূরত্ব অনেক। এই বিভেদ ইরফান-পারমিতার সামনে বাধা হয়ে দাঁড়ায়। পরিবার, প্রেম, আত্মসম্মান– সবকিছু সামাল দিতে গিয়ে অন্য এক লড়াইয়ে নামতে হয় পারমিতাকে।

এ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তানভীন সুইটি, মনির খান শিমুল, নাজনীন হাসান, শাহাদাত হোসেন, মনির আহমেদ শাকিলের মত জনপ্রিয় অভিনয়শিল্পীরা। 

গোলাম মুক্তাদিরের পরিচালনায় এ নাটকে দেখা যাবে কয়েকজন নতুন শিল্পীকে, তাদের মধ্যে আছেন তনুশ্রী কারকুন, তনয় বিশ্বাস, কাজী কানিজ, শাওন দাস, প্রিয়ন্ত বড়ুয়া, মেহেদী হাসান, সাজ্জাদ হোসেন। 

দেনা পাওনার চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আফিফা মোহসিনা অরণি। সংলাপ লিখেছেন অলভী সরকার। লাইন প্রডিউসার হিসেবে আছেন লুৎফুন নাহার মৌসুমী।