প্রেম, পরিবার ও দ্বিধার গল্পে অপূর্ব-সাদিয়ার ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’
বাবার ভয়ে বিয়ের পর স্ত্রীকে বাড়ির বাইরে রেখে পালিয়ে যায় রাহুল। এরপর বৃষ্টিতে ভিজতে থাকা নিতুকে ঘিরে এগিয়ে যায় পারিবারিক টানাপড়েন ও ভালোবাসার গল্প।
প্রণয় থেকে পরিণয়ের গল্প নিয়ে আবারও ছোটপর্দায় আসছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া আয়মান। পারিবারিক টানাপোড়েন, মান-অভিমান ও প্রেমের গল্পে তৈরি নাটকটির নাম ‘মেঘ বৃষ্টি রোদ্দুর’।
মাসরিকুল আলমের রচনা ও পরিচালনায় শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে এ নাটক।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাছরাঙা টেলিভিশন জানিয়েছে, নাটকে রাহুল চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। বেকার রাহুল বাবার কাছে প্রায়ই বকা খায়। বাবাকে সে প্রচণ্ড ভয়ও পায়। অন্যদিকে, সাদিয়া আয়মান অভিনয় করেছেন নিতু চরিত্রে।
নিতুর বাবা-মা এক দুর্ঘটনায় মারা যাওয়ার পর মামার কাছে বড় হয় সে। মামাতো বোনকে পড়াতে গিয়ে রাহুলের সঙ্গে পরিচয় হয় নিতুর। সেই পরিচয় থেকে প্রেম।
একসময় নিতুর অনিচ্ছা সত্ত্বেও মামা তার এক বন্ধুর ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। উপায় না দেখে নিতু বাসা থেকে পালিয়ে রাহুলের কাছে আসে। এরপর দুজন কাজি অফিসে গিয়ে বিয়ে করে।
কিন্তু বিয়ের পর নিতুকে নিয়ে বাড়িতে ফিরলেও বাবার ভয়ে তাকে দরজার বাইরে রেখে পালিয়ে যায় রাহুল। রাত বাড়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি।
বাড়ির সামনে বউয়ের সাজে একটি মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখেন রাহুলের বাবা সালাম সাহেব। পরিচয় জানতে চাইলে নিতু নিজেকে রাহুলের স্ত্রী বলে পরিচয় দেয়। এতে ক্ষুব্ধ হয়ে দরজা বন্ধ করে দেন সালাম সাহেব।
দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজে একপর্যায়ে অসুস্থ হয়ে পড়ে নিতু। পরে সালাম সাহেব তাকে ঘরে নিয়ে সেবা-যত্ন করেন এবং ছেলের বউ হিসেবে মেনে নেন। তবে রাহুলের জন্য শর্ত দেন—চাকরি না পাওয়া পর্যন্ত সে বাড়িতে ফিরতে পারবে না।
নাটকটি নিয়ে প্রত্যাশার কথা জানিয়ে পরিচালক মাসরিকুল আলম বলেন, “এই পারিবারিক গল্পগুলো আমাদের সবার খুব পরিচিত। আশা করছি নাটকটি দর্শকের ভালো লাগবে।”
