Published : 05 Aug 2025, 06:32 PM
ভারতের যে জায়গায় আমির খান তার জাত চেনানো ‘লগন’ সিনেমার শুটিং করেছিলেন, সেই গুজরাটের ভুজে অভিনেতা ফিরেছেন দীর্ঘদিন পর।
তবে এই যাত্রা নতুন কোনো সিনেমার কাজে নয়। ‘সিতারে জমিন পার’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজনে আমির ২৫ বছর পর ভুজ এলাকায় গিয়েছিলেন বলে লিখেছে নিউজ ১৮।
ভুজের কুনারিয়া গ্রামে এই প্রথম কোনো সিনেমার আনুষ্ঠানিক প্রদর্শনী হওয়ায় স্থানীয় বাসিন্দারাও ছিলেন উচ্ছ্বসিত।
আমির বলেছেন, তিনি প্রান্তিক মানুষের কাছে সিনেমাটি পৌঁছে দিতে চান।
সেখানে কদিন আগে গ্রামের একটি খোলা মাঠে সিনেমাটি দেখানো হয়। গ্রামবাসীর সঙ্গে মাটিতে বসে সিনেমা উপভোগ করেন আমির খান নিজেও।
প্রদর্শনী নিয়ে আমির খান বলেন, ‘লগন’ সিনেমার শুটিংয়ের অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। আমি সত্যিই চাই ‘সিতারে জমিন পার’ দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে যাক।”

প্রদর্শনীর পর আমির গ্রামের নানা জায়গা ঘুরে দেখেন, সেখানকার মানুষদের সঙ্গে কথাবার্তা বলেন।
গত ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'সিতারে জামিন পার' সিনেমা। বিশ্বব্যাপী সিনেমাটি ১৬৭ কোটি রুপি আয় করেছে।
সিনেমার গল্প গুলশান নামের এক বাস্কেটবল কোচকে ঘিরে, যিনি তার রূঢ় স্বভাবের কারণে পরিচিত। একবার পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি, সেই বিবাদ সমাধানে তাকে আদালতে যেতে হয়। সেখানে তাকে শাস্তি দেওয়া হয়, একদল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে বাস্কেটবল শেখাতে হবে। তাদেরকে জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়।
সিনেমায় আমির খান অভিনয় করেছেন গুলশানের ভূমিকায়। তার সঙ্গে দেখা গেছে জেনেলিয়া ডিসুজাকে।
এটি আমিরের দারুণ সাড়া ফেলা চলচ্চিত্র ‘তারে জামিন পার’ এর সিকুয়েল। এই সিনেমায় ১০টি নতুন মুখ হাজির করেছেন আমির খান।
আমির খানের 'সিতারে জামিন পার' ইউটিউবে, দেখতে খরচ ১০০ রুপি
'লগন'র ২২: ফিরিয়ে দেওয়া স্ক্রিপ্টই আমিরকে করেছিল 'অভিনেতা'